বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, দেশে একদলীয় শাসন চলছে। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে এটি আবার প্রমাণ হয়েছে। তিনি প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সরকারের এজেন্ট ও নির্বাচন কমিশনকে সরকারের তল্পিবাহক বলে অভিহিত করেন।গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন নির্বাচনে কর্তব্যরত ২৭ জন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তথ্য নিয়েছে। নির্বাচন কমিশন কী করে আশা করে, ম্যাজিস্ট্রেটরা সত্য কথা বলবেন? সরকারি চাকরিজীবী হওয়ায় তাঁরা বলেছেন, নির্বাচন স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বোকা নয়। তারা সবকিছু বোঝে।বিএনপির এ নেতা বলেন, সিইসি নিরপেক্ষ নন। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সরকারের স্বৈরাচারী মনোভাব আর নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীন ভূমিকার জন্য দেশের গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বসুরহাটের পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।