সিইসিকে মহিলা পরিষদের চিঠি
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা সিইসি বরাবর লেখা ওই চিঠিটি তাঁর কাছে হস্তান্তর করেন।
চিঠি হস্তান্তরের পর মালেকা বানু প্রথম আলোকে জানান, চিঠিতে তাঁরা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো, প্রতিবন্ধী নারীসহ সব নারী যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা। চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সংখ্যালঘুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। নির্বাচনী প্রচারে ধর্মকে যাতে কেউ ব্যবহার না করে, এ বিষয়ে নজর রাখা। মুক্তিযুদ্ধবিরোধী, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট, দুর্নীতিবাজ, নারী নির্যাতনকারী কোনো প্রার্থী থাকলে তাঁকে অযোগ্য ঘোষণা করা। এ ছাড়া প্রতীক বরাদ্দের সময় নারীদের যেন কোনো ধরনের বৈষম্য করা না হয়, তা নিশ্চিত করা।
প্রতিনিধি দলটিতে আরও ছিলেন সীমা মোসলেম, কাজী সুফিয়া আক্তার, লায়লা খালেদা ও জনা গোস্বামী।