প্রথম আলোতে ‘একাই সব করছেন সিইসি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন এবং ‘সিইসির স্বেচ্ছাচারিতা: সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে ইসিকে কাজ করতে হবে’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয় নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন।
গতকাল রোববার দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের ডাকে সাড়া দিয়ে চার নির্বাচন কমিশনার এই বৈঠকে অংশ নেন। তবে তার আগে প্রথম আলোর প্রতিবেদন ও সম্পাদকীয় নিয়ে নিজেদের অবস্থান কী হবে, তা নির্ধারণে সকালে তিন নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজ এক দফা বৈঠক করেন।
বিকেলের বৈঠক সূত্র জানায়, সিইসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিইসি ও কমিশন সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করেন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনাররা কোনো মন্তব্য করেননি। শেষ পর্যন্ত বৈঠকে প্রকাশিত প্রতিবেদন ও সম্পাদকীয়র প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয়।
ইসির প্রতিবাদ: প্রথম আলোতে ৪ এপ্রিল ‘একাই সব করছেন সিইসি’ শিরোনামে প্রতিবেদন এবং ৫ এপ্রিল ‘সিইসির স্বেচ্ছাচারিতা: সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে ইসিকে কাজ করতে হবে’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশিত হয়।
গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা প্রতিবাদে বলা হয়েছে, যখন নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে কমিশনে ডাকা হয়, তখন পুরো কমিশন তাঁদের সঙ্গে বৈঠক করেন। আর যখন কোনো রাজনৈতিক দল বা নাগরিক সমাজের প্রতিনিধিদল কমিশনের সঙ্গে দেখা করতে চান, তখন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাঁদের সঙ্গে দেখা দেন। এটি অতীত রেওয়াজ।
শত নাগরিক ও পরে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠকের আগে তা অনানুষ্ঠানিকভাবে কমিশনারদের জানানো হয়েছিল। পরে বৈঠকের আলোচনার বিষয়বস্তুও অনানুষ্ঠানিকভাবে কমিশনারদের জানানো হয়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সিইসি প্রায় প্রতিদিনই অনানুষ্ঠানিকভাবে কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের জারি করা প্রশাসনিক ও ফিন্যান্সিয়াল ডেলিগেশন অব পাওয়ারের ভিত্তিতে সিইসি বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন। আইডিয়া প্রকল্পের সব কেনাকাটা সরকারের পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ এবং বিশ্বব্যাংকের নির্দেশনা মোতাবেক হয়েছে। এ ক্ষেত্রে দুর্নীতির প্রশ্ন ওঠা অবান্তর।
প্রতিবাদে বলা হয়েছে, ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা বৈঠকের বিষয়ে আগেই কমিশনারদের অনানুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সভার নোটিশ দেওয়া হয়। শুক্রবার কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক প্রতিবেদককে রোববার অফিস খোলার পর প্রতিবেদনের বিষয়ে লিখিত জবাব দেওয়া হবে বলে জানান এবং প্রতিবেদনটি পরে ছাপানোর অনুরোধ করেন। কিন্তু তা না করে ছুটির দিনে প্রতিবেদন ও সম্পাদকীয় ছাপানো উদ্দেশ্যমূলক বলে প্রতীয়মান হয়।
প্রতিবেদকের বক্তব্য: কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা প্রতিবাদের বেশির ভাগ বক্তব্য প্রকাশিত প্রতিবেদনের বিষয়বস্তুর সঙ্গে সম্পৃক্ত নয়। প্রতিবেদনের মূল বিষয় ছিল সিইসি এককভাবে বেশির ভাগ সিদ্ধান্ত গ্রহণ করছেন। প্রতিবাদে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
প্রতিবাদে অন্তত চার জায়গায় লেখা হয়েছে, বিভিন্ন বিষয়ে কমিশন অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। এই বক্তব্য প্রকাশিত প্রতিবেদনের সত্যতা প্রমাণ করে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত সিইসি একাই নিয়ে থাকেন। বলা হয়েছে, প্রকল্প নিয়ে দুর্নীতির প্রশ্ন ওঠা অবান্তর। বাস্তবে প্রতিবেদনে দুর্নীতির বিষয়ে কোনো কিছু লেখা হয়নি। এককভাবে সিইসির সঙ্গে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের বৈঠককে রেওয়াজ বলে দাবি করা হলেও অতীতে এমন নজির খুবই কম দেখা গেছে।
বলা হয়েছে, সিইসি অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের জারি করা প্রশাসনিক ও ফিন্যান্সিয়াল ডেলিগেশন অব পাওয়ারের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন। কমিশনের এই বক্তব্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আইনবিশেষজ্ঞ শাহদীন মালিক প্রথম আলোকে বলেছিলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি সমন্বিত প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিইসির এককভাবে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে উচ্চতর আদালতের একাধিক রায় আছে।
১২ জুনের আইনশৃঙ্খলা বৈঠকের বিষয়ে প্রতিবেদনে কোনো কিছু লেখা হয়নি। প্রতিবেদন ও সম্পাদকীয় তড়িঘড়ি করে ছাপার অভিযোগ সত্য নয়। কারণ, একটি প্রতিবেদন ও সম্পাদকীয় কখন ছাপা হবে, তা পত্রিকার নীতিনির্ধারকেরা ঠিক করে থাকেন। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে তা নির্ধারিত হয় না।