সিইসির গ্রামের বাড়িতে নাশকতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের গ্রামের বাড়িতে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বর্তমানে বাড়িটিতে কেউ থাকেন না।
জীবননগর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান দাবি করেন, কাচের বোতলে কেরোসিন ঢুকিয়ে আগুন লাগিয়ে ছোড়া হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত সিইসির বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশ টহলে ছিল। এরপর ঘটনাটি ঘটেছে। তবে স্থানীয় লোকজন এটিকে পেট্রলবোমা বলে দাবি করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ সকালে কাজী রকিব উদ্দীন আহমেদের বাড়ির দক্ষিণ পাশের বারান্দায় একটি ভাঙা কাচের বোতল ও আগুনে পুড়ে যাওয়া কালো দাগ দেখা যায়। পরে সেখান থেকে তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করা হয়। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ আলামত উদ্ধার করে।
প্রতিবেশী আলতাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের পৈতৃক এ বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই বাড়িতে বর্তমানে কেউই বাস করেন না। দীর্ঘ ১৭ বছর পর কাজী রকিব উদ্দীন আহমেদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অল্প সময়ের জন্য ভিটেবাড়িতে আসেন এবং অবস্থান করেন।
প্রতিবেশীরা জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নাশকতার আশঙ্কায় পরিত্যক্ত এ বাড়িটিকে ঘিরে পুলিশি টহল জোরদার করা হয়েছিল।