সিইসির চুয়াডাঙ্গার বাড়িতে দুর্বৃত্তদের নাশকতার চেষ্টা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের গ্রামের বাড়িতে নাশকতা চালানোর চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় গত বৃহস্পতিবার মধ্যরাতে তারা দুটি কাচের বোতলে কেরোসিন ভরে বাড়ির ভেতরে ছুড়ে মারে। তবে এতে কেউ হতাহত হয়নি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিইসির বাড়ির দক্ষিণ দিকের বারান্দায় পরপর কেরোসিনভর্তি দুটি বোতল ছুড়ে মারে। একটি বোতল ভেঙে আগুন ধরে যায়। তবে কোনো ক্ষতি হয়নি।
প্রতিবেশী আলতাব হোসেন জানান, সিইসির পৈতৃক এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে। ১৭ বছর পর গত ২২ ফেব্রুয়ারি অল্প সময়ের জন্য তিনি ভিটেবাড়িতে আসেন।
অন্য এক প্রতিবেশী জানান, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নাশকতার আশঙ্কায় পরিত্যক্ত এই বাড়িটি ঘিরে পুলিশি পাহারা বাড়ানো হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, কাচের বোতলে কেরোসিন ভরে তাতে আগুন লাগিয়ে ছোড়া হয়েছিল। একটি বোতল ভেঙে আগুন ধরে যাওয়ায় বারান্দার মেঝেতে সামান্য কালচে দাগ পড়েছে। সেখান থেকে বোতলের ভাঙা টুকরা ও অক্ষত বোতলসুদ্ধ কেরোসিন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটা পর্যন্ত সিইসির বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশ টহলে ছিল। এরপর ঘটনাটি ঘটে।