সিইসির দপ্তরে স্থান পেল জাতির পিতার ছবি
অবশেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কমিশন সচিবালয়ের তত্ত্বাবধানে এই ছবি টাঙানো হয়।
গত সোমবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেন। তাঁর দপ্তরে বিটিভির ক্যামেরায় ধারণ করে তা প্রচার করা হয়। এতে দেখা যায়, সিইসির কক্ষে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। এরপর গতকাল সকালে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের তত্ত্বাবধানে সিইসির কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। বিকেলে সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
সিইসির কক্ষে জাতির পিতার ছবি সংরক্ষণের ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
২০১১ সালের জুনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়।