সিইসির বিরুদ্ধে দুই জেলায় মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে গতকাল রোববার কিশোরগঞ্জ ও চাঁদপুরের আদালতে মামলা হয়েছে।কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলার একরামপুর গ্রামের বাসিন্দা কারি মাসউদুল হক কিশোরগঞ্জের দুই নম্বর আমলি আদালতে এবং চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের মুহাম্মদ শেখ শাহ্ আলম চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দুটি করেন। মামলার আরজিতে সাবেক সেনা কর্মকর্তা মাসউদুল বলেন, গত ১৬ এপ্রিল রাতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার ভোলার উপনির্বাচন সম্পর্কে মন্তব্য করেন, ‘সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন? আল্লাহ তায়ালা নেমে এলেও কিছু করতে পারবেন না।’ মাসউদুল বলেন, খবরটি পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ বক্তব্য দিয়ে সিইসি শামসুল হুদা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত করার পাশাপাশি খোদাদ্রোহী মন্তব্য করেছেন। তাই দণ্ডবিধির ২৯৮ ধারামতে সিইসির বিচারের আবেদন জানানো হয়।এ বিষয়ে ১৮ মে পরবর্তী আদেশের তারিখ ধার্য করেছেন বিচারক মুহম্মদ আলী আহসান। রাষ্ট্রপক্ষের সাবেক কৌঁসুলি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অর্ধ শতাধিক আইনজীবী বাদীর পক্ষে মামলায় অংশ নেন।একই অভিযোগ করে চাঁদপুরের শেখ শাহ্ আলম বলেন, সিইসির বক্তব্য একদিকে শিরকের শামিল অন্যদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসকে চরম আঘাতের শামিল। আদালত চাঁদপুর মডেল থানার পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।