নির্বাচনে ব্যাপক সহিংসতা হলেও ইসি কঠোর হতে পারছে না
সিইসির রহস্যময় অনুপস্থিতি কমিশনে নানা গুঞ্জন

উপজেলা নির্বাচন চলছে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দেশে নেই। নির্বাচন শেষ হওয়ার আগে তাঁর ফেরার লক্ষণও নেই। নির্বাচনের মাঝপথে তাঁর এ হঠাৎ অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন চলছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের জানিয়েছিলেন, সিইসি ক্লান্ত, তাই ছুটিতে আছেন। অন্য কমিশনাররা কাজ চালিয়ে যাচ্ছেন। কাজে কোনো সমস্যা হচ্ছে না।
পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর এ ব্যাখ্যা মানতে চান না নির্বাচন কমিশনাররা। দুজন কমিশনার প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, এইচ টি ইমামের বক্তব্যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।|
কমিশন সচিবালয় থেকে বলা হয়েছে, সিইসি কমিশনকে দুই লাইনের একটি চিঠি দিয়ে গেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ৩ মার্চ থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। যুক্তরাষ্ট্র থেকে না ফেরা পর্যন্ত তাঁর অবর্তমানে আবদুল মোবারক সিইসির দায়িত্ব পালন করবেন। কবে ফিরবেন, তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।
তবে কমিশনের একজন কর্মকর্তা জানান, উপজেলা নির্বাচন শেষ হওয়ার পর এপ্রিলে তাঁর দেশে ফেরার সম্ভাবনা আছে। ৩১ মার্চ নির্বাচন শেষ হওয়ার কথা।
প্রথম দফা উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কিছুটা এবং তৃতীয় দফায় ব্যাপক সহিংসতা ঘটে। ব্যালট বাক্স ছিনতাই, হানাহানি, কেন্দ্র দখল, জালভোটসহ নানা অনিয়মের ঘটনা ঘটে পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের সামনেই। এসব ঘটনায় কমিশন তেমন শক্ত পদক্ষেপ নেয়নি। উল্টো শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে সাফাই গাইছে।
অথচ ২০০৯ সালের উপজেলা নির্বাচনের সময় মন্ত্রী-সাংসদদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছিল নির্বাচন কমিশন। ওই সময় কয়েকটি অনিয়মের কারণে দায়ী মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছিল কমিশন। কেন্দ্র দখল বা জালভোটের কারণে কমিশন বাদী হয়ে মামলাও করেছিল। এবার সে ধরনের কোনো উদ্যোগ নেই কমিশনের। নির্বাচনকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখতেও কোনো তৎপরতা নেই। এসব বিষয়ে যখন গণমাধ্যমে কমিশনের সমালোচনা হচ্ছিল, তখনই হঠাৎ করে বিদেশে চলে যান সিইসি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, সিইসির অনুপস্থিতির কারণে উপজেলা নির্বাচনে কোনো বিরূপ প্রভাব পড়েনি। স্থানীয় নির্বাচনে এমন হানাহানির ঘটনা ঘটেই থাকে। সিইসি থাকলেই বা কী হতো। তিনি তো সেটা ঠেকাতে যেতেন না। এপ্রিলে নির্ধারিত সময়েই সিইসি দেশে ফিরবেন।
বর্তমানে নির্বাচন কমিশনার আবদুল মোবারকের নেতৃত্বে কমিশন কাজ করছে। এ কমিশন তৃতীয় দফা ভোটের সময় সরকারের প্রভাব থেকে বের হতে পারেনি। প্রথম দফা নির্বাচনে অনিয়মের কারণে শতাধিক লোককে আচরণবিধি লঙ্ঘনের জন্য দণ্ড দেওয়া হয়েছিল। জরিমানা করা হয় এক লাখ ২৫ হাজার টাকা। দ্বিতীয় দফায় ২৮ জনকে দণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়। আর তৃতীয় দফায় সবচেয়ে বেশি অনিয়ম হলেও কমিশন মাত্র তিনজনকে দণ্ড দিয়েছে। জরিমানা করেছে প্রায় এক লাখ টাকা।
দুজন নির্বাচন কর্মকর্তা ও কমিশন সচিবালয়ের এক কর্মকর্তা বলেছেন, সিইসি দেশে না থাকায় অনেক ক্ষেত্রে কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না।
নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার প্রথম আলোকে বলেছেন, সরকারের সঙ্গে সিইসির একটা সমস্যা চলছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও সাবেক একজন মন্ত্রীর খবরদারির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ওই উপদেষ্টার কারণে কমিশনকে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। সিইসিও তাঁর আচরণে বিরক্ত।
ওই কমিশনার বলেন, উপজেলা নির্বাচনের সময় সরকারের প্রশাসন কমিশনের কথা অনেক ক্ষেত্রেই শুনছে না। মূলত প্রশাসনে ওই উপদেষ্টার প্রভাবের কারণে উপজেলা নির্বাচনের সময় কোথাও কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, উপজেলা নির্বাচন ধাপে ধাপে হচ্ছে। তাই সব রিটার্নিং কর্মকর্তা কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তা নিজেদের লোক হলে কমিশনের পক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া সহজ হতো। কিন্তু সেটা করতে পারেনি।
নির্বাচন কমিশনে সমন্বয়ের অভাব ছিল প্রকট। তিনজন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভোটের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনাররা তাঁদের সঙ্গে আলাপ-আলোচনাও করেননি। আগের কমিশনের সঙ্গে যেকোনো প্রয়োজনে তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারতেন। সমস্যার কথা বলতে পারতেন।
ওই কর্মকর্তারা বলেন, বর্তমান কমিশন ভোটের সময় জেলা ও বিভাগে সফর করেনি। জেলা বা বিভাগে গিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গেও কথা বলেনি। ফলে তাদের পক্ষে প্রশাসন ও পুলিশকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এঁরা কমিশনকে মোটেই ভয় করেন না। বিগত সময়ে কমিশন অনেক সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল। এবার কমিশন নিজস্ব উদ্যোগে অনিয়মের তথ্য সংগ্রহেও কোনো উদ্যোগ নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশনের উচিত তার কর্মকর্তাদের সাহস দেওয়া। কমিশনারদের জেলাপর্যায়ে যেতে হবে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ফোন করে কথা বলতে হবে। তা না হলে তাঁরা ভরসা পাবেন কীভাবে। বর্তমান পরিস্থিতিতে সিইসির দেশে থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, তাঁর বিদেশে অবস্থান নিয়ে আওয়ামী লীগের এক ব্যক্তির বক্তব্য কমিশনের স্বাধীন ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।