সিইসিসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। যে ছয়জনের বিরুদ্ধে রুল জারি হয়েছে তাঁরা হলেন: সিইসি এ টি এম শামসুল হুদা, পিরোজপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমিন, মেয়র মো. হাবিবুর রহমান মালেক, বরিশালের বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনীম, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এস কে মো. মনিরুজ্জামান ও পিরোজপুরের উপপরিচালক (এলজি) তরফদার সোহেল রানা।আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আতিয়ার রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। এস এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সিইসিসহ ছয়জনের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনকারীর আইনজীবী শেখ আতিয়ার রহমান জানান, পিরোজপুর পৌরসভার নির্বাচনে নাসিমউদ্দিন খান মনোনয়নপত্র দাখিল করলে তা বাতিল হয়। পরে তিনি হাইকোর্টে রিট করেন। শুনানির পর গত ২ জানুয়ারি হাইকোর্ট প্রতীক বরাদ্দ দিয়ে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ও অন্য কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করতে বলেন। এ আদেশের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যান। আদালত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি স্থগিত করেন। তবে কাউকে নির্বাচিত ঘোষণা করা যাবে না, সে বিষয়টি বহাল থাকে। পরে ১৬ জানুয়ারি আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর চেম্বার বিচারপতির আদেশ বহাল রাখা হয় ও হাইকোর্টে রিট আবেদনটি দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়। ফলে নির্বাচিত না করার হাইকোর্টের আদেশ বহাল থাকে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এ আদেশ জানার পরও ২০ জানুয়ারি একজনকে নির্বাচিত দেখিয়ে গেজেট প্রকাশ করেন ও পরে শপথ গ্রহণ হয়। এটা আদালতের নির্দেশনা অমান্যের শামিল।