মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে আসা পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএইচটি) পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সেনাবাহিনী, বসবাসরত বাঙালিদের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে বলে অভিযোগ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির নেতারা এ কথা বলেন।গত বুধবার খাগড়াছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে সিএইচটি কমিশনের সঙ্গে বাঙালি ছাত্র পরিষদের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংগঠনটির পক্ষে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের পক্ষে এ পর্যন্ত কোনো তৎপরতা চালায়নি। তাঁরা পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা ও সম্প্র্রীতি অবস্থা নিশ্চিত করতে কমিশনের কাছে কিছু প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার না করা। ১৯৯৭ সালের পার্বত্যচুক্তিতে বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পার্বত্য জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। শিক্ষা, চাকরি, রাজনৈতিক ও ব্যবসাক্ষেত্রে উপজাতিদের মতো বাঙালিদেরও সুযোগ-সুবিধা দান এবং ভূমি কমিশনের মাধ্যমে ভূমি জরিপ করে ভূমিবিরোধ নিষ্পত্তি করতে হবে। প্রস্তাবে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বহিরাগত। এখানে কোনো আদিবাসী নেই। এখানে সবাই বাঙালি ও বাংলাদেশি।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলকাছ আল মামুন ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি কল্যাণ সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আবদুল মজিদ, রাঙামাটি জেলা সভাপতি আবদুল মান্নান।ইউপিডিএফের ১৪ দফা সুপারিশ: বুধবার সিএইচটি কমিশনের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাদেরও খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে কমিশনের কাছে ১৪ দফা সুপারিশ করা হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে—ভূমি অধিকারসহ পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসন, সেনাবাহিনী প্রত্যাহার, পুনর্বাসিত বাঙালিদের সমতল অঞ্চলে জীবিকার নিশ্চয়তাসহ পুনর্বাসন করা, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্বক পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, জোরপূর্বক ভূমি বেদখল বন্ধ করা, ভারত থেকে প্রত্যাগত শরণার্থীদের যথোপযুক্তভাবে পুনর্বাসিত করা।