সিএইচটি কমিশনের ওপর হামলায় নিন্দা অব্যাহত
পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশন হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার সুপারিশ করেছে।
জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এম এম সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, সিএইচটি কমিশনের সদস্যদের বহনকারী গাড়িতে হামলার ঘটনা অনভিপ্রেত। এ হামলা প্রতিরোধ ও সিএইচটি কমিশনের সদস্যদের সফরকালে পূর্ণ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুলিশের শৈথিল্য থাকলে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় মানবাধিকার কমিশন সুপারিশ করেছে। বিশিষ্ট মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের ওপর এ হামলা প্রতিরোধ ও নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালন করা উচিত ছিল।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর গতকাল এক বিবৃতিতে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের স্বার্থ সংরক্ষণে নানাভাবে তৎপর থাকায় ওই অঞ্চলের প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ‘সমঅধিকার আন্দোলনের’ ব্যানারে ওই হামলা চালিয়েছে। ওই হামলা পরিকল্পিত ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।
ওয়ার্কার্স পার্টির স্ট্যান্ডিং কমিটি বিবৃতিতে বলেছে, সিএইচটি কমিশনের সদস্যদের সফর নস্যাতের জন্যই ওই হামলা করা হয়েছে। যে অপশক্তি পাহাড়ে অপশক্তি জিইয়ে রাখতে চায়, তারাই ওই হামলার জন্য দায়ী।
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এই ধরনের হামলার ঘটনা সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী, যা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। নিশ্চয়ই রাষ্ট্র তার দায়িত্বের কথা মনে রেখে অবিলম্বে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামালের নেতৃত্বে কমিশনের একটি দল পার্বত্য জেলা সফরকালে গত শনিবার রাঙামাটিতে তাঁদের গাড়িতে হামলা হয়। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পাহাড়ি নেত্রী ইলোরা দেওয়ান ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ আহত হন।