সিএইচটি কমিশনের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি পাহারায় চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল শনিবার রাঙামাটির ওমদা মিয়া হিল এলাকায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) সদস্যদের বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ তিনজন আহত হন।
হামলার ঘটনায় আহত অপর ব্যক্তিরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সিএইচটি কমিশনের গবেষক ইলিরা দেওয়ান এবং রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ সোহেল।
এ হামলার জন্য বাঙালি সংগঠন সমঅধিকার আন্দোলনসহ ছয় সংগঠনকে দায়ী করেছে সিএইচটি কমিশন। তবে সমঅধিকার আন্দোলন এই অভিযোগ অস্বীকার করেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামালের নেতৃত্বে সিএইচটি কমিশনের একটি দল খাগড়াছড়ি থেকে তিন পার্বত্য জেলা সফর শুরু করে। গত শুক্রবার সকালে তাদের রাঙামাটি আসার কথা ছিল। কিন্তু সিএইচটি কমিশনের রাঙামাটি সফর প্রতিহত করতে ছয়টি বাঙালি সংগঠন শুক্রবার ভোর ছয়টা থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়। গতকাল দ্বিতীয় দিনে সকাল থেকে রাঙামাটি শহরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা শহরের বিভিন্ন স্থানে গাছ ও ইট দিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।
পুলিশ ও সিএইচটি কমিশন সূত্রে জানা যায়, কমিশন কোনো অনুষ্ঠান না করে রাঙামাটি ছাড়বে আর আন্দোলনরত বাঙালি সংগঠনগুলো শহরের বিভিন্ন স্থানে দেওয়া ব্যারিকেড তুলে নেবে—এ সমঝোতার ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে সিএইচটি কমিশনের সদস্যরা পুলিশের পাহারায় পর্যটন মোটেল ছেড়ে একটি গাড়িতে করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। কিন্তু মাত্র পৌনে এক কিলোমিটার যাওয়ার পর ওমদা মিয়া হিল এলাকায় একদল বাঙালি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এবং ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। ভাঙচুর করে কমিশনের গাড়িটি। এ সময় ইটের আঘাতে ও গাড়ির কাচ ভেঙে তিনজন আহত হন। ঘটনার পর পুলিশ সিএইচটি কমিশনের সদস্যদের কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে তাঁদের রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে কমিশনের সদস্যরা আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।
সিএইচটি কমিশন সূত্রে আরও জানা গেছে, গতকাল সকালে রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদারের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। পরে তাঁরা চট্টগ্রাম সেনানিবাসের জিওসির সঙ্গে নির্ধারিত বৈঠকের জন্য পর্যটন মোটেল ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। কিন্তু সকাল ১০টার দিকে পর্যটন মোটেল থেকে বের হয়ে ফিশারিঘাট এলাকায় পৌঁছে তাঁরা অবরোধের মুখে পড়েন। এরপর আবার তাঁরা পর্যটন মোটেলে ফিরে যান। এ সময় পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি নূরজাহান বেগমের নেতৃত্বে বাঙালিদের একটি দল পর্যটন মোটেল এলাকায় গিয়ে সিএইচটি কমিশনের বিরুদ্ধে স্লোগান দেয়। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে মোটেলের প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে পুলিশ প্রতিবাদকারী বাঙালিদের সেখান থেকে সরিয়ে দেয়।
হামলার ব্যাপারে জানতে চাইলে রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মনু ইমতিয়াজ সোহেল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো চিকিৎসাধীন। সুস্থ হয়ে উঠলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ হামলার ঘটনায় তখনো কোনো মামলা হয়নি।
এদিকে আমাদের চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান, এ হামলার জন্য বাঙালি সংগঠন সমঅধিকার আন্দোলনসহ ছয় সংগঠনকে দায়ী করেছেন সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল। তিনি গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ছয়টি সংগঠন আমাদের সফরকে সামনে রেখে অবরোধ ডেকেছে। তারাই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। সমঅধিকারের নেত্রী নূরজাহান আগে থেকে আমাদের বিরুদ্ধে লোকজনকে জড়ো করছিলেন পর্যটন এলাকায়।’
তবে সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা সভাপতি পেয়ার আহমেদ খান বলেন, ‘আমাদের কোনো সদস্য হামলা করেনি। সমঝোতা হওয়ার পর যখন তাঁরা (কমিশনের সদস্যরা) চট্টগ্রামের দিকে চলে যান, তখনো আমরা পর্যটন মোটেল এলাকায় ছিলাম। ওই এলাকার লোকজন তাঁদের ওপর হামলা করে থাকতে পারে।’
হামলার নিন্দা: সিএইচটি কমিশনের প্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গণসংহতির নেতারা বলেন, পাহাড়িদের উচ্ছেদ আড়াল করার জন্য সরকারি মদদেই এ হামলা চালানো হয়েছে।