পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চিটাগাং হিলট্র্যাকস কমিশন (সিএইচটিসি)। কমিশন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। গত বৃহস্পতিবার এসব দাবি জানিয়ে কমিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দেওয়া হয়। কমিশনের তিন কো-চেয়ারপারসন এরিক অ্যাভেবরি, সুলতানা কামাল ও ইডা নিকোলাইসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাঘাইছড়ি ও রাঙামাটির দুই শতাধিক গ্রামে এবং সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন। এসব এলাকায় নিরাপত্তাকর্মীদের সামনেই পাহাড়িদের হত্যা, নির্যাতন ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সিএইচটিসি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে এবং একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং যত দ্রুত সম্ভব ওই কমিটির রিপোর্ট প্রকাশ করতে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।