সিএজি কার্যালয়ের দুর্নীতিবাজদের শাস্তি চেয়েছে টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) রাজস্ব ও স্থানীয় অধিদপ্তরের দুর্নীতিবাজ নিরীক্ষক ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ শনিবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নিরীক্ষা কার্যক্রমে সিএজি কার্যালয়ের নিরীক্ষকদের একটি দল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত একটি কারখানায় নগদ প্রণোদনা বিষয়ে পরিদর্শনে গিয়ে রাজস্ব ও স্থানীয় অধিদপ্তরের নিরীক্ষক ওই কোম্পানি কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করে। শুধু তা-ই নয়, পরবর্তী সময়ে এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সিএজি কর্তৃক গঠিত অভ্যন্তরীণ তদন্ত দল কাজ করতে গেলে উক্ত নিরীক্ষক ও তাঁর সহযোগীদের নানা প্রকার বাধা ও চাপের সম্মুখীন হয়।

এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে আজ এক সংবাদ বিবৃতিতে টিআইবি ওই নিরীক্ষক ও তাঁর সহযোগীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতি আহ্বান জানায়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় কারও প্রতি ভয়ভীতি বা করুণার ঊর্ধ্বে থেকে এ ধরনের দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা হবে জাতির জন্য এক অশনিসংকেত। যে কার্যালয়ের ওপর জনগণের অর্থে পরিচালিত সকল খাত ও প্রতিষ্ঠানের নিরীক্ষার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের দায়িত্ব, সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরেই যদি এ ধরনের ন্যক্কারজনক দুর্নীতি বিরাজ করে, আবার তা সুরক্ষার জন্য চাপ প্রয়োগ বা আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তা হবে অত্যন্ত কলঙ্কজনক ও চরম হতাশাব্যঞ্জক।

বিবৃতিতে আরও বলা হয়, ‘একদিকে নিরীক্ষার নামে নামে ঘুষ দাবি ও অন্যদিকে তদন্তকাজে বাধা সৃষ্টি করে সিএজি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ শুধু তাঁদের নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন না, একই সঙ্গে সাংবিধানিক এই প্রতিষ্ঠানের মর্যাদা পদদলিত করার দুঃসাহস দেখাচ্ছেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহোদয় কোনো অবস্থায়ই তা হতে দেবেন না, টিআইবি এই আশা করছে।’

প্রয়োজনে তিনি আইন প্রয়োগকারী সংস্থাসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা চাইতে পারেন বলে মনে করছে টিআইবি।