সিএজি পদ দীর্ঘদিন শূন্য থাকায় টিআইবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের বেশি সময় ধরে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (কম্পট্রোলার ও অডিটর জেনারেল-সিএজি) মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত নতুন সিএজি নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সিএজির মতো সাংবিধানিক পদ দীর্ঘদিন শূন্য থাকা সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে রাষ্ট্রকাঠামোতে প্রাতিষ্ঠানিক সামর্থ্য সুদৃঢ় করার জন্য সরকারের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন লক্ষ্যের আওতাভুক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সিএজি কার্যালয়কে সক্রিয় ও কার্যকর রাখতে সরকার আরও সক্রিয় হবে, আমরা এটা আশা করি।’ তিনি আরও বলেন, ’সিএজির অবর্তমানে নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত করে যথাযথভাবে পেশ করা সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হওয়ার পাশাপাশি সার্বিক কার্যক্রমের কার্যকারিতা ঝুঁকির সম্মুখীন হয়েছে।’

এসব বিবেচনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছে টিআইবি। সংবিধানসম্মতভাবে যত দ্রুত সম্ভব নতুন সিএজি হিসেবে সর্বোচ্চ যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছে টিআইবি। সিএজি পদটির সাংবিধানিক মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে এ ধরনের শূন্যতা এড়ানোর লক্ষ্যে সুনির্দিষ্ট সময়াবদ্ধ প্রক্রিয়া প্রণয়ন ও বাস্তবায়ন করা অপরিহার্য মনে করছে টিআইবি।

টিআইবি বিবৃতিতে বলেছে, এশিয়াভিত্তিক সুপ্রিম অডিট প্রতিষ্ঠান আসোসাইয়ের গভর্নিং বোর্ড এবং আন্তর্জাতিক সুপ্রিম অডিট প্রতিষ্ঠান ইনটোসাইয়ের বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবে সিএজি সম্পৃক্ত। সিএজির অনুপস্থিতিতে এ ধরনের আন্তর্জাতিক পরিমণ্ডলে সিএজি কার্যালয়ের সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে এবং স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হবে।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল সাবেক সিএজি অবসরে যান। ওই সময় যথানিয়মে সাময়িকভাবে নিয়মিত দায়িত্ব পালনের জন্য সর্বজ্যেষ্ঠ কর্মকর্তার ওপর দায়িত্ব দিয়ে যান তিনি। এরপর প্রথা অনুযায়ী এখন পর্যন্ত নতুন সিএজি নিয়োগ দেওয়া হয়নি।