সিএজিতে নিয়োগে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সুপারিশে টিআইবির উদ্বেগ
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নিয়োগ-প্রক্রিয়ায় ছয়জন প্রভাবশালী মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী, একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতার লিখিত সুপারিশ ও চাপ প্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এ উদ্বেগ জানায়। সিএজিতে নিয়োগে অসাংবিধানিক, অনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার বন্ধ করার জন্য টিআইবি দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে।
টিআইবি বলছে, সিএজি কার্যালয়ে ৩৬টি পদে নিয়োগের জন্য ১৬ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার প্রার্থী। এ অবস্থায় এ ধরনের চাপ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পথে অন্তরায়।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সিএজির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগে রাজনৈতিক প্রভাব বিস্তার করে অবৈধ হস্তক্ষেপের ঘটনা অসাংবিধানিক ও ন্যক্কারজনক। এ থেকে এটা স্পষ্ট যে যোগ্যতা ও মেধাসম্পন্ন কর্মী নিয়োগের পরিবর্তে দলীয় ও রাজনৈতিক বিবেচনাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, যা সরকারের সুশাসনের রূপকল্প ও ঘোষণার পরিপন্থী। তিনি আরও বলেন, সুপারিশকারী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধি অনুরাগের বশবর্তী না হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের যে সাংবিধানিক শপথ নিয়েছেন, এর মাধ্যমে তা ভঙ্গ হয়েছে। বিজ্ঞপ্তি।