সিএনজি অটোরিকশার মেয়াদ বাড়ল ৩ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমালোচনা করেছেন অটোরিকশার শ্রমিকেরাও।

জানতে চাইলে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে আমাদের এই সময়ের প্রয়োজন ছিল। এর মধ্যে বুয়েটের মতামত পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে বিআরটিএ।’

মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া অটোরিকশার মেয়াদ ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছিল বিআরটিএ। বিআরটিএর এই অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল যুগ্ম সচিব কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যেসব অটোরিকশার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে, সেসব অটোরিকশার জন্য মেয়াদ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তিন মাস বাড়ানো হলো।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এর মাধ্যমে মালিকদের আবদার রক্ষা ও জনস্বার্থবিরোধী কাজে মন্ত্রণালয় ও বিআরটিএ যুক্ত হলো বলে শঙ্কা করছি।’ তিনি বলেন, এই সিদ্ধান্ত আত্মঘাতী। সরকারের উন্নয়ননীতির বিপরীত। সরকার উন্নয়নের কথা বলছে, আবার লক্কড়-ঝক্কড় গাড়িকেও বৈধতা দিচ্ছে।

এই সিদ্ধান্তকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, এটা একধরনের ষড়যন্ত্র। মেয়াদ বাড়িয়েছে তিন মাস। এই তিন মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ অটোরিকশাগুলোর প্রতিস্থাপন সম্ভব নয়।

এদিকে নতুন অটোরিকশার দাবিতে আন্দোলন করা ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন বলেন, ‘‌এই সিদ্ধান্ত ন্যক্কারজনক। আলোচনার টেবিলকে পাশ কাটিয়ে এটি করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে ধিক্কার জানাই।’

আর ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ওরফে খোকন বলেন, ২০০২ মডেলের অটোরিকশায় যে ইঞ্জিন লাগানো আছে তা আর পাওয়া যায় না, এই ইঞ্জিনের উৎপাদন বন্ধ। তাই বুয়েটের মতামতে ইঞ্জিন প্রতিস্থাপনের সুপারিশ এলেও আগের ইঞ্জিনের উৎপাদন বন্ধ থাকায় প্রতিস্থাপন সম্ভব হবে না। তাই সোমবার (আজ) থেকেই বিআরটিএর উচিত অটোরিকশা প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করা।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করা ৮ হাজার ৪২১টি সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ (আয়ুষ্কাল) গতকাল রোববার শেষ হওয়ার কথা। ২০০২ মডেলের এসব অটোরিকশার নিবন্ধন দেওয়ার সময় মেয়াদ ধরা হয়েছিল ৯ বছর। পরে মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে অটোরিকশাগুলোর মেয়াদ দুই দফায় ৬ বছর বাড়িয়ে ১৫ বছর করা হয়।

২০১৬ সালের নভেম্বরে অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে পুরোনো এই অটোরিকশাগুলোর ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে এগুলোর মেয়াদ আরও ছয় বছর বাড়ানোর জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সে সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পরে গত অক্টোবরে মালিক সমিতির পক্ষ থেকে অটোরিকশা ধর্মঘটের হুমকি দেওয়া হলে সমিতির নেতাদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। পরে বিআরটিএর উদ্যোগেই অটোরিকশাগুলোর মেয়াদ ‌১৫ বছরের অতিরিক্ত আরও কত বছর বাড়ানোর যায়, সে ব্যাপারে বুয়েটের মতামত চাওয়া হয়। গত মাসের শুরুতে বুয়েট জানায়, অটোরিকশা পরীক্ষাসহ চারটি প্রক্রিয়া সম্পন্ন করে মতামত জানানো হবে। এ জন্য ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। বিআরটিএ-মন্ত্রণালয় ও বুয়েটের এমন চিঠি চালাচালির মধ্যেই অটোরিকশাগুলোর ১৫ বছরের মেয়াদ প্রায় শেষ হয়ে আসে। পরে গত ১১ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিআরটিএ অটোরিকশাগুলোর মেয়াদ ছয় মাস বাড়ানোর সুপারিশ করে।