সিএনজি ও বিদ্যুতের দাম বাড়াতে পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিএনজি (কমপ্রেস ন্যাচারাল গ্যাস) ও বিদ্যুতের দাম বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে এক বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন। খবর ইউএনবির।বৈঠকে কর্মকর্তাদের অর্থমন্ত্রী বলেন, সিএনজির দাম বাড়ানোর ব্যাপারে পেট্রোবাংলাকে শিগগির প্রস্তাব পাঠাতে হবে। বিদ্যুতের দাম আরও বাড়ানোর ব্যাপারে বিদ্যুতের মূল্যের হারও পুনর্মূল্যায়ন করতে হবে।বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি এলএনজি টার্মিনাল প্রকল্প স্থাপনের বিষয়ে অর্থমন্ত্রীকে জানান। এ সময় বিদ্যুৎ ও গ্যাস-সরবরাহ পরিস্থিতি সম্পর্কেও তাঁকে জানানো হয়।জ্বালানিসচিব মেসবাহ উদ্দিন আহমেদ প্রস্তাবিত এলএনজি টার্মিনালের বিষয়টি উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আ ন ম ইউসুফ হোসেন, বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বৈঠকে উপস্থিত ছিলেন।আবুল মাল আবদুল মুহিত বলেন, সিএনজির দাম পেট্রোলের কাছাকাছি বাড়াতে হবে। এখন প্রতি ঘনমিটার (এক লিটারের সমপরিমাণ) সিএনজির দাম ১৬ টাকা ৭৫ পয়সা। সেখানে এক লিটার পেট্রোল ও অকটেনের দাম ৭৭ টাকা। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে সিএনজির দাম সর্বশেষ বেড়েছিল। ওই সময় প্রতি ঘনমিটার সিএনজির দাম আট টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়।দেশের মানুষ যখন ন্যূনতম বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পাচ্ছে না, এমন সময় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো নৈতিকভাবে কতটুকু যৌক্তিক—এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের উৎপাদন বাড়াতে হলে মূল্য বাড়াতে হবে। এ দুটি পাশাপাশি চলে। বিদ্যুৎ খাতে আমাদের বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে।’