অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় আজ সন্ধ্যা সাতটার দিকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। নিহত নারীর নাম নুপুর আক্তার (৩৫)। আহত ব্যক্তিরা হলেন আবুল কাশেম (৪০), মমিনুল ইসলাম (১০) ও উম্মে নূর (৬)। তবে হতাহত ব্যক্তিরা সম্পর্কে কার কী হন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত নুপুরের বড় বোন কাজল বেগম জানান, ফার্মগেট এলাকায় তাঁর বাড়িতে আশুলিয়া থেকে পরিবারসহ বেড়াতে এসেছিলেন নুপুর। আশুলিয়ায় ফেরার পথে তাঁদের বহনকারী অটোরিকশার সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বলেছেন, নুপুরকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।