সিএনজি স্টেশন ও পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার
সারা দেশের পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য আহূত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভার পর পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনের মালিক সমিতি দুটির নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
মালিক সমিতি দুটির সূত্র জানায়, যেসব দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা ধর্মঘট আহ্বান করেছিলেন, সরকার সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাঁদের উদ্দেশ্য ধর্মঘট করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা নয়। তাঁরা চান দাবির বাস্তবায়ন।
সরকারি সূত্র জানায়, পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনের মালিকদের দাবিগুলোর বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ তৈরির জন্য দুটি কমিটি করা হয়েছে। কমিটি দুটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে। তার ভিত্তিতে দাবি বাস্তবায়নের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পেট্রলপাম্প মালিক সমিতি যেসব দাবিতে ধর্মঘট ডেকেছিল তার মধ্যে প্রধান হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন রাস্তার পাশের কিছু জায়গা ব্যবহারের জন্য অস্বাভাবিক মাশুল বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন, জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১২ দফা।
সিএনজি স্টেশন মালিকদের দাবির মধ্যে রয়েছে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা, সিএনজি বিক্রির মাশুল বাড়ানো এবং অনেক দিন ধরে অবাস্তবায়িত কিছু বিষয়ের দ্রুত বাস্তবায়ন।