সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের আদেশ প্রত্যাহার না হলে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সরকারি আদেশ প্রত্যাহার করা না হলে ধর্মঘটের ডাক দেবে সিএনজি স্টেশন মালিক সমিতি।আজ রোববার জ্বালানি মন্ত্রণালয়ে সরকারের এ আদেশ প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবি জানিয়ে চিঠি দেবেন সমিতির নেতারা। নেতাদের চিঠি পাওয়ার পরও সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক জবাব না এলে ধর্মঘট ডাকবে সমিতি। গতকাল শনিবার রাতে নিজস্ব কার্যালয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ ব্যাপারে জানতে চাইলে সিএনজি স্টেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা করে বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার দিয়েছে, তাতে জনদুর্ভোগ বেড়েছে। এতে অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে করণীয় নির্ধারণের জন্য গতকাল কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছিল। ইতিমধ্যে সব মালিক ধর্মঘট কর্মসূচি নেওয়ার পক্ষে মত দিয়েছেন। সরকার সিদ্ধান্ত থেকে সরে না এলে আগামী বৈঠকে ধর্মঘটের দিন-তারিখ জানানো হবে।প্রসঙ্গত, সরকার পবিত্র রমজানের শুরুতে ১৬ আগস্ট থেকে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও গৃহস্থালি পর্যায়ে গ্যাসের চাপ বাড়ানোর জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। তখন বলা হয়েছিল, ঈদের পর আবার আগের মতোই সিএনজি স্টেশনগুলো দিনরাত খোলা রাখা হবে। সিএনজি স্টেশনের মালিক সমিতির দাবিও ছিল তাই।