সিএনজি স্টেশন প্রতিনিধিদের সঙ্গে পুলিশের বৈঠক
মহাখালী ও উত্তরা এলাকায় যানজট কমাতে ওই এলাকার সিএনজি স্টেশনগুলোর মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে নিকুঞ্জে ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিএনজি স্টেশন মালিকপক্ষের প্রতিনিধিদের উদ্দেশে ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় বলেন, সিএনজি স্টেশন স্থাপনের সময়ের যানজট পরিস্থিতি বর্তমান সময়ের মতো ছিল না। গাড়ির সংখ্যা বেড়েছে। উড়ালসড়ক গাড়ির গতিপথ পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে যানজট নিরসনে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি বলেন, সমস্যা প্রায় একই ধরনের। সমাধানের জন্য উন্নত ব্যবস্থাপনা থাকলে আপনাদের (সিএনজি মালিকদের) ব্যবসা ভালো হবে। প্রবীর কুমার প্রতিটি সিএনজি স্টেশনে অন্তত চারজন করে কমিউনিটি ট্রাফিক পুলিশ দিয়ে সড়কে অপেক্ষমাণ গাড়ি নিয়ন্ত্রণের আহ্বান জানান।