সিএনজি স্টেশন বন্ধ হবে না, বিলম্বিত হবে গ্যাস রেশনিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক গ্যাসের বিদ্যমান সংকট নিরসনে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য এলাকাভিত্তিক আলাদা ছুটির দিন নির্ধারণসহ গ্যাস রেশনিংয়ের সরকারি উদ্যোগের বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। গ্যাস রেশনিংয়ের অংশ হিসেবে সপ্তাহে দুই দিন সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে বলে যে কথা প্রচার হয়েছিল, তাও করা হচ্ছে না।বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে গতকাল বুধবার অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভার সূত্রে এ খবর জানা গেছে।এর আগে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির পক্ষ থেকে পেট্রোবাংলার কাছে গ্যাস রেশনিংয়ের প্রস্তাব পাঠানো হয়। পেট্রোবাংলা বিষয়টি নিয়ে গ্যাস ব্যবহারকারী শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে। তাঁরা রেশনিংয়ের প্রস্তাবে রাজিও হন। এরপর গতকাল মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সপ্তাহের কোন দিন কোন এলাকায় গ্যাস ব্যবহারকারী শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণের জন্য পেট্রোবাংলা আবার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে। এরপর তা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখানকার অনুমোদন পেলেই ওই ব্যবস্থা কার্যকর করা হবে।রেশনিং করতে হলে গ্যাস ব্যবহারকারীদেরই নিজস্ব উদ্যোগে নির্দিষ্ট দিনে ব্যবহার বন্ধ রাখতে হবে। কারণ বিভিন্ন শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের আলাদা লাইন নেই। আর কোনো এলাকার পাইপলাইনে কোনো সময়ই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তাহলে আবাসিক গ্রাহকেরাও গ্যাস পাবেন না।সিএনজি স্টেশন: রেশনিংয়ের অংশ হিসেবে সিএনজি স্টেশনে সপ্তাহে দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়ে সভায় যা বলা হয়েছে, তা প্রায় অসম্ভব হবে। কারণ, তাতে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ব্যক্তিগত গাড়ি ছাড়াও সিএনজি ও গ্যাসচালিত বাস চলাচল এতে ব্যাহত হবে। যাঁরা চালাবেন, তাঁরা ভাড়া বেশি নেবেন। তেলচালিত যানবাহনও ভাড়া বাড়িয়ে দেওয়ার সুযোগ নিতে পারে। তাই সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার চিন্তা বাদ দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জের সমস্যা: নারায়ণগঞ্জে বিশেষ করে সেখানকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য সভায় দুটি করণীয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রে গ্যাসের ব্যবহার বর্তমান প্রায় সাড়ে তিন কোটি ঘনফুট থেকে কমিয়ে প্রতিদিন আড়াই কোটি ঘনফুট করতে হবে। দ্বিতীয়ত, পঞ্চবটীতে একটি ‘ডিস্ট্রিক্ট রেগুলেটরি স্টেশন (ডিআরএস)’ স্থাপন করে নারায়ণগঞ্জে গ্যাসের চাপ ঠিক রাখা। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এসব ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বৈঠক সূত্র জানায়।বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ২৩০ কোটি ঘনফুট। উত্পাদন করা হচ্ছে ১৯০ কোটি ঘনফুটের মতো। ঘাটতি প্রায় ৪০ কোটি ঘনফুট। এর মধ্যে তিতাস গ্যাস কোম্পানির এলাকাতেই ঘাটতি প্রায় ২৫ কোটি ঘনফুট। তাদের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৬৮ কোটি ঘনফুট।কয়েক বছর ধরে সারা বছরই চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি থাকে। শীতের সময় ব্যবহার বৃদ্ধি ও পাইপলাইনে কনডেনসেট (গ্যাসের সঙ্গে থাকা তরল জ্বালানি) জমে সরবরাহসংকট প্রকট হয়ে ওঠে। গ্যাসের উত্পাদন বাড়ানোর সুযোগ থাকলেও সে ব্যাপারে কয়েক বছর ধরে কোনো কার্যকর সরকারি উদ্যোগ না থাকায় এ সমস্যার সমাধান হচ্ছে না।