সিএনজি স্টেশন স্থাপনের অনুমোদন নিয়ে লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রহী প্রায় আধা ডজন প্রতিষ্ঠানকে বাদ দিয়ে রাজশাহীতে সিএনজি স্টেশন করার জন্য এনবি ফিলিংস্টেশনকে অনুমোদন দেওয়া হয়েছিল। দেড় বছর পার হলেও স্টেশন স্থাপনের কোনো খবর নেই।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) কর্মকর্তারা বলছেন, অন্যদের আবেদন অগ্রাহ্য করে সাবেক প্রতিমন্ত্রীর ভাই ও ভাগনেকে সিএনজি স্টেশন করার অনুমতি দেওয়া হয়েছিল। এখন তাঁদের আর খোঁজ নেই, তাঁরা আর আসছেনও না।
কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী হোসেন এর আগে প্রথম আলোকে বলেছিলেন, তিনি জানেন এটা মন্ত্রীর ভাইয়ের প্রতিষ্ঠান। তাঁরা পিজিসিএল এর পক্ষ থেকে যেসব প্রতিষ্ঠানের নামে প্রস্তাব পাঠিয়েছিলেন তাদের কোনোটিকেই অনুমোদন দেওয়া হয়নি। ঊর্ধ্বতন মহল থেকে মন্ত্রীর ভাই তাঁর এনবি ফিলিংস্টেশনের অনুমোদন নিয়ে আসেন। তাঁদের কাছে এ ব্যাপারে কোনো তথ্যও নেই। অনুমোদন নেওয়ার পরে তাঁদের আর খবরও নেই।
পিজিসিএল সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সভায় রাজশাহীতে এই সিএনজি ফিলিংস্টেশনের এনওসি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এই অনুমোদন পাওয়ার পরে আবেদনকারীকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) ও প্রধান বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি নিতে হয়। এ ছাড়া অ্যাপ্রোচ সড়কের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অনুমতি, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের কাছ থেকে প্রশাসনিক অনুমতি নিতে হয়। এসব পদক্ষেপ সম্পন্ন করার পরে কম্প্রেশর মেশিন কিনতে হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, অনুমোদন পাওয়ার পর থেকে এনবি ফিলিংস্টেশনের পক্ষ থেকে আর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।
সূত্রমতে, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সাংসদ ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের ভাই নাজমুল হক ও ভাগনে সিরাজুল ইসলাম ওরফে বিপ্লব এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। নাজমুল হক বর্তমানে এলাকায় নেই। স্থানীয়রা জানান, তিনি কখনো ঢাকায়, কখনো বিদেশে থাকেন। চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পিজিসিএল এর রাজশাহীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ বলেন, এনবি ফিলিংস্টেশনের পক্ষে যে ব্যক্তি তাঁর কার্যালয়ে এর আগে যোগাযোগ করতেন তিনি আর আসেন না। তিনি বলেন, তাঁদের একটি পেট্রলপাম্প আছে। সেখানেই এটা করার কথা ছিল।
কয়েক দিন আগে নগরের খড়খড়ি বাইপাস সড়কের পাশে অবস্থিত এনবি ফিলিংস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে সিএনজি ফিলিংস্টেশনের একটি সাইনবোর্ডও নেই। সেখানে সিরাজুল ইসলাম বা নাজমুল হককে পাওয়া যায়নি। কর্মচারীদের কাছে তাঁদের সম্পর্কে জানতে চাইলে তাঁরা কোনো কথা বলতে চাননি। স্টেশনের ক্যাশ কাউন্টারে আবুল হোসেন নামের এক কর্মচারী দায়িত্বে ছিলেন। তাঁর কাছে সিরাজুল ইসলাম ওরফে বিপ্লবের মুঠোফোন নম্বর জানতে চাইলে বিকেলে যোগাযোগ করতে বলেন। বিকেলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্যার আসেননি।’ এরপর তাঁর মুঠোফোন নম্বর দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি পরদিন যোগাযোগ করতে বলেন। পরের দিন তিনি একটি মুঠোফোন নম্বর দেন যেটি বন্ধ পাওয়া যায়। সর্বশেষ গতকাল পর্যন্ত সেটি বন্ধ পাওয়া যায়। সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় ব্যবসায়ী গোলাম মর্তুজা বলেন, ‘বগুড়ায় ১৯টি, শাহজাদপুরে তিনটি, পাবনায় দুটি ও ঈশ্বরদীতে তিনটি সিএনজি স্টেশন রয়েছে। অথচ রাজশাহীর মতো বিভাগীয় শহরে একটিও সিএনজি স্টেশন নেই। রাজশাহী থেকে গ্যাস আনতে ঈশ্বরদী অথবা বগুড়ায় যেতে হয়। তিনি আরও বলেন, দ্রুত স্টেশন স্থাপন করবে, এমন কোনো প্রতিষ্ঠানকেই সিএসজি স্টেশন অনুমোদন দেওয়া উচিত ছিল।’