সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি

রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকায় সিএনজি স্টেশনগুলোতেও এর প্রভাব পড়ছে। কোনো গাড়িতেই প্রয়োজনমতো গ্যাস দেওয়া যাচ্ছে না। সময়ও লাগছে খুব বেশি। সিএনজি স্টেশনগুলোতে পড়ছে গাড়ির দীর্ঘ সারি। অনেকে নিরুপায় হয়ে গ্যাসের পরিবর্তে অকটেন বা পেট্রল ব্যবহার করছেন।
গতকাল মঙ্গলবার কয়েকটি সিএনজি স্টেশন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়। সিএনজি স্টেশনগুলো মালিক বা ব্যবস্থাপকেরা জানাচ্ছেন, স্টেশনে গ্যাসের চাপ থাকতে হয় কমপক্ষে ১৫ পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চপ্রতি বর্গইঞ্চিতে গ্যাস চাপের ইউনিট)। সেখানে চাপ নেমে আসছে পাঁচ পিএসআইয়ের নিচে।
সকাল ১০টার দিকে মানিকনগর এলাকায় এনএস সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, গোপীবাগ বিশ্বরোড প্রান্ত পর্যন্ত গাড়ির সারি। গাড়িতে বসানো ৬০ লিটার সিলিন্ডারে যেখানে তিন মিনিটে গ্যাস দেওয়া যায়, সেখানে দ্বিগুণ সময়েও তা সম্ভব হচ্ছে না। গ্যাস ঢুকছে অর্ধেকের কম। হানিফ পরিবহনের একটি বাসে গ্যাস দিতে সময় লাগল ২০ মিনিট। তা-ও সিলিন্ডার ভর্তি হলো না।
জয়কালী মন্দির রোডের সিএনজি স্টেশনে দেখা যায়, গাড়ির সারি রামসীতা মন্দির প্রান্ত পর্যন্ত পৌঁছেছে। একজন কর্মী জানান, কয়েক দিন ধরে গ্যাসের চাপ এত কম যে স্টেশন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সাত মসজিদ রোডের সাউদার্ন সিএনজি স্টেশনে গতকাল দুপুরে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। চাপ কম থাকায় গ্যাস দিতে অনেক বেশি সময় লাগছে বলে দায়িত্বরত কর্মচারীরা জানান।
গ্যাসের চাপ কম থাকার অভিযোগ পাওয়া গেছে মিরপুর দারুস সালামের পূর্বাচল ও যমুনা ফিলিং স্টেশন, এস এস ফিলিং স্টেশন, কল্যাণপুরের রহমান ফিলিং স্টেশন, মোহনা ও ডেনসো ফিলিং স্টেশন, মিরপুর-২-এর কিংশুক সিএনজি রি-ফুয়েলিং স্টেশন এবং কাজীপাড়ায় সিডিসিসহ এলাকার অনেক স্টেশনেও। মগবাজার মোড়ের দুটি স্টেশনে গ্যাস নিতে আসা যানের দীর্ঘ সারি দেখা গেছে গতকাল মঙ্গলবারও।
শহরতলি নবীনগর বাইপাইল থেকে চন্দ্রা মোড় এলাকা, টঙ্গী, মেঘনা ঘাট এলাকার সিএনজি স্টেশনগুলোতেও তীব্র গ্যাস সমস্যা চলছে বলে জানা গেছে।
সাউদার্ন অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোরঞ্জন ভক্ত প্রথম আলোকে বলেন, যেসব সিএনজি স্টেশনের মেশিন পুরোনো, সেগুলো চালানোই যাচ্ছে না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ প্রথম আলোকে বলেন, স্বল্পচাপের কারণেই সিএনজি স্টেশনগুলোতে সমস্যা হচ্ছে। সার্বিকভাবে সমস্যা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
পেট্রোবাংলা ও তিতাসের সূত্রমতে, ঢাকা ও এর আশপাশের প্রায় ২০০ সিএনজি স্টেশনে দৈনিক গ্যাস ব্যবহৃত হয় পাঁচ কোটি ঘনফুটের মতো। বর্তমানে অর্ধেকও হচ্ছে না।