সিএনজি স্টেশনে ধর্মঘট ২০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
সিএনজি ফিলিং স্টেশনে ধর্মঘটের কর্মসূচি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পেট্রোবাংলা ও সিএনজি ফিলিং স্টেশন মালিকদের জাতীয়ভিত্তিক সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মধ্যে বৈঠকের পর মালিকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।বৈঠক সূত্র জানায়, মালিকপক্ষ কাল বৃহস্পতিবার ধর্মঘট শুরু করার ব্যাপারে অনড় ছিল। পেট্রোবাংলার পক্ষ থেকে বৈঠকে বলা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া তাদের দাবি পূরণ সম্ভব নয়। প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে আছেন। তিনি ২ ডিসেম্বর দেশে ফিরবেন। তাই মালিকদের দাবি পূরণের বিষয়ে বিবেচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় দরকার। পেট্রোবাংলার পক্ষ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। তবে অ্যাসোসিয়েশনের নেতারা ২০ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার ঘোষণা দিয়ে বৈঠকে বলেন, এই সময়ের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় ২১ ডিসেম্বর ধর্মঘট শুরু করা হবে।প্রতিদিন সর্বোচ্চ বিক্রির সময় বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিল করাসহ বিভিন্ন দাবিতে গত ২ অক্টোবর অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা থেকে প্রথমে ৩০ অক্টোবর থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ২৮ অক্টোবর বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সঙ্গে বৈঠকের পর ২৫ নভেম্বর পর্যন্ত ধর্মঘটের কর্মসূচি স্থগিত করা হয়।