সিএনজি স্টেশনে বিস্ফোরণ, নিহত ১
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকার একটি সিএনজি স্টেশনের কমপ্রেশার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন কমপক্ষে ছয়জন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৫০)। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। আহত ব্যক্তিরা হলেন মো. পাখি (৪০), মো. সালাউদ্দিন (৩৫), আশরাত আলী (৪৩), দেলোয়ার হোসেন (৪০), মাসুম হোসেন (৪৮) ও লেবু মিয়া। হতাহত ব্যক্তিদের অধিকাংশই সিএনজি স্টেশনের কর্মচারী বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনে আকস্মিকভাবে কমপ্রেশার বিস্ফোরিত হয়। খবর পেয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত ওই ব্যক্তি সিএনজি স্টেশনে গ্যাস নিতে এসেছিলেন। তাঁর লাশ সিএনজি স্টেশনের পাশে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।