সিএনজি স্টেশনে রোববার থেকে লাগাতার ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবি না মানা হলে আগামী রোববার থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয় নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলন করে এ হুমকি দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি
দাবি না মানা হলে আগামী রোববার থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয় নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলন করে এ হুমকি দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের লাগাতার ধর্মঘটের পর এবার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনও লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার এবং জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নসহ কয়েক দফা দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি না মানা হলে আগামী রোববার (৩০ অক্টোবর) ভোর ছয়টা থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন লাগাতার ধর্মঘট পালন করা হবে বলে হুমকি দিয়েছে অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
এসব দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয় নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি না মানা হলে ৩০ অক্টোবর রোববার সকাল ছয়টা থেকে সারা দেশে সব সিএনজি ফিলিং স্টেশন লাগাতার ধর্মঘট পালন করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানোসহ সরকারের প্রতি ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা হলে পরিষদ ৩০ অক্টোবর ভোর ছয়টা থেকে দেশের সব পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হবে বলে হুঁশিয়ার করেছে। গত বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগ নির্ধারিত পেট্রলপাম্প-সংলগ্ন জমির শতাংশপ্রতি ভাড়া (মাশুল) বার্ষিক শহরের জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ও গ্রামের জন্য ৪০০ থেকে ৯০০ টাকা ছিল। এখন এই ভাড়া বাড়িয়ে শতাংশপ্রতি লক্ষাধিক টাকা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শতাংশপ্রতি ৪০০ টাকার পরিবর্তে দুই লক্ষাধিক টাকা পরিশোধ করতে হবে। তারা এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি বন্ধের দাবি জানান।