সিএনজি স্টেশনে হামলার ঘটনায় একজন গ্রেপ্তার
সিলেটে সিএনজি স্টেশনে হামলার ঘটনায় সায়েম আহমদ (২৪) নামের ছাত্রলীগের এক কর্মীকে শাহপরান থানার পুলিশ গ্রেপ্তার করেছে। নগরের মেজরটিলা এলাকার ইসলামপুর থেকে গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী প্রথম আলোকে জানান, পেট্রলপাম্পে হামলার অভিযোগে সায়েমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অন্য হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ৫ সেপ্টেম্বর রাতে জেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম চৌধুরীর নেতৃত্বে একদল যুবক নগরের শিবগঞ্জে সুরমা সিএনজি স্টেশনে চাঁদার দাবিতে হামলা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সিএনজি স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাসিব ভূঁইয়া বাদী হয়ে ছাত্রলীগের নেতা সেলিম চৌধুরীসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। মামলা করার পরও পুলিশ আসামি গ্রেপ্তার না করায় সিএনজি স্টেশন ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগে ধর্মঘট আহ্বান করে। গত মঙ্গলবার পুরো এক দিন ধর্মঘট চলার পর রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠক হয়। বৈঠকে নেতারা আসামি গ্রেপ্তারে ৭২ ঘণ্টা সময়সীমা (আলটিমেটাম) দিয়ে এ সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন। সংগঠনের সভাপতি জুবের আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই আলটিমেটামের মধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়েছে। আশা করি, পুলিশ জড়িত সবাইকে গ্রেপ্তার করবে।’ ধর্মঘট স্থগিতের প্রসঙ্গে তিনি বলেন, আজ শুক্রবার ৭২ ঘণ্টা পার হবে। এ সময়ের মধ্যে অন্যান্য আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতা পর্যবেক্ষণ করা হবে। পরে সাংগঠনিকভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।