সিএনজি স্টেশনের জন্য আর্থিক সুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘকালীন হরতাল-অবরোধে ব্যবসায় বিপর্যয় সৃষ্টি হয়েছে সিএনজি স্টেশন মালিকদের। এই অবস্থায় কিছু আর্থিক সুবিধার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে স্টেশন মালিকদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সিএনজির বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এ অবস্থায় সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হচ্ছে, সুদসহ ব্যাংকের কিস্তি প্রদান এক বছর পিছিয়ে দেওয়া (রি-শিডিউল করা)। হরতাল-অবরোধকালীন গ্যাস বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন না করে সারচার্জ ছাড়া বিল পরিশোধে এক বছরের কিস্তি সুবিধা দেওয়া এবং দেশে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত ব্যাংকের কিস্তির জন্য কাউকে ঋণখেলাপি হিসেবে বিবেচনা না করা।