সিএনজি স্টেশনের মালিকেরা ধর্মঘট ডাকতে পারেন
সারা দেশের সিএনজি স্টেশনের মালিকেরা ধর্মঘট ডাকতে পারেন। প্রতিদিন সর্বোচ্চ বিক্রির সময় বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বিক্রি বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিল করাসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হতে পারে বলে জানা গেছে।সিএনজি স্টেশন মালিকদের জাতীয়ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর জরুরি সাধারণ সভা থেকে আজ শনিবার এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আজ সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।অ্যাসোসিয়েশনের কয়েকটি সূত্র জানায়, কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশে পাঁচ শতাধিক সিএনজি ফিলিং স্টেশন স্থাপন করা হয়েছে। সরকার এগুলো স্থাপনে ব্যাংক ঋণসহ বিভিন্ন প্রণোদনা দিয়ে বিনিয়োগে উৎসাহিত করেছে। কিন্তু এখন প্রতিদিন সর্বোচ্চ বিক্রির সময় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় স্টেশনগুলোর বিক্রি এমন পর্যায়ে নেমেছে যে মালিকদের পক্ষে ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এর আগে সিএনজির দাম বাড়ানোয় তেলচালিত গাড়ি সিএনজিতে রূপান্তরের হার অনেক কমে যায়। এতে অনেক সিএনজি স্টেশনের, বিশেষ করে ঢাকার বাইরের স্টেশনগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।মালিক সমিতির সূত্রগুলো জানায়, মালিক সমিতি আগেও কিছু জরুরি দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল। তখনকার কিছু সিদ্ধান্ত সরকার এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। এর মধ্যে প্রত্যেক সিএনজি স্টেশনে ইভিসি (ইলেকট্রনিক ভলিউম কারেক্টর) মিটার লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটি সিএনজি স্টেশন প্রকৃতপক্ষে কী পরিমাণ গ্যাস নিচ্ছে, তার সঠিক হিসাব এই মিটার ছাড়া পাওয়া সম্ভব নয়। এই মিটার না লাগানোয় সিএনজি স্টেশনগুলোর গ্যাস ব্যবহারের পরিমাণ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ হচ্ছে।সূত্র আরও জানায়, সিএনজি স্টেশনের লাইসেন্স ও নবায়ন ফি এক লাখ টাকা ধার্য করা আছে। এই ফি কমানোর কথা ছিল। কিন্তু সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের জন্য ধার্যকৃত ফি কমালেও সিএনজি স্টেশনের ফি কমায়নি। এই প্রেক্ষাপটে আজ অনুষ্ঠিত হচ্ছে মালিক সমিতির জরুরি সাধারণ সভা।সভায় কী ধরনের কর্মসূচি নেওয়া হতে পারে, জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন গতকাল প্রথম আলোকে জানান, অধিকাংশ মালিক খুব সমস্যায় আছেন। তাঁরা কঠোর কর্মসূচি দেওয়ার পক্ষে তাঁদের মতামত জানিয়ে আসছেন অনেক দিন ধরে। শেষ পর্যন্ত কী কর্মসূচি নেওয়া হবে, তা আজকের সভায় চূড়ান্ত করা হবে।