সিএনজিচালিত অটোরিকশা মিটারে চালানোর পরামর্শ
চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত অটোরিকশা মিটারে চালানোর জন্য মালিক ও শ্রমিকনেতাদের পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শ না মানলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে চতুর্পক্ষীয় বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার। এতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ছাড়াও সিটি করপোরেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশার মালিক ও শ্রমিকেরা ২০১১ সালের ভাড়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে। কারণ, গ্যাসের দাম দুই দফা বেড়েছে। আমরা তাঁদের বক্তব্য সরকারের কাছে পাঠাব। কিন্তু ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হওয়ার পর নাগরিকদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায়ের অভিযোগ আমরা পেয়ে আসছি।’
বৈঠকে উপস্থিত চট্টগ্রাম অটোরিকশা ও অটোরিকশা টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের সিদ্ধান্ত মানতে বাধ্য। মিটার লাগানোর দায়িত্ব মালিকের। কিন্তু মালিকপক্ষ দৈনিক জমার হার নিজেদের ইচ্ছামতো বাড়িয়ে দিয়েছে। সেটাও সরকারি নিয়মে নিতে হবে।’