সিএনজিচালিত অটোরিকশাকে বালুবাহী ট্রাকের চাপা দেওয়ার ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একজন আরোহী নিহত হয়েছেন। আহত চারজন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার গুলশানের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম নূরজাহান বেগম (৭৫)।

দুর্ঘটনায় আহত শফিউল (৪০) আলম জানান, তাঁরা গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ফিরে অটোরিকশায় করে দক্ষিণখান যাচ্ছিলেন। এ সময় গুলশান নতুন বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক উল্টো পথে এসে তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে তাঁর মা নূরজাহান বেগম (৭৫) মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা আক্তার (৩৫), মেয়ে আঁখি (৯) ও ভাগনি হালিমা (১৭) আহত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সকাল পৌনে আটটায় নূরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।