সিএনজির (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) দাম বাড়িয়ে সরকার তার অপরিকল্পিত ব্যয়ের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। সিএনজির দাম আবার বাড়লে জনভোগান্তি বাড়বে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা সিএনজির দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন না করার আহ্বন জানান।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ‘পরিবহন ভাড়া বৃদ্ধি ও সিএনজির মূল্যবৃদ্ধি থামাও’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এই সরকার কম আক্কেলের সরকার। তারা যুক্তিতে চলে না। সিএনজির দাম বাড়ালে জনগণকেই ভোগান্তিতে পড়তে হবে।’ তিনি বলেন, ‘সরকার যদি কোম্পানি, নিজের লোকদের স্বার্থ দেখে, তাহলে জনগণ ভয়ংকর রকমের ক্ষতিগ্রস্ত হবে।’
জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম বলেন, জ্বালানি নিরাপত্তার কথা বলে সরকার গ্যাসের দাম বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তোলে। আর সেই টাকা অন্য খাতে ব্যয় করে। গ্যাস খাতকে সরকার আয়ের উৎস বানিয়েছে।
এই খাত থেকে টাকা তুলে সরকার তার অপ্রয়োজনীয় ব্যয়ের ঘাটতি পূরণ করে বলে মন্তব্য করেছেন স্থপতি মোবাশ্বের হোসেন।