যানবাহনের পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সিএনজির দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পেট্রোবাংলা প্রতি ঘনমিটার সিএনজির বর্তমান দাম ১৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার একটি প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। এরপর এটি এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠানো হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পেট্রোবাংলার নির্দেশনা অনুযায়ী গত মে মাসের মাঝামাঝি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সিএনজির দাম বাড়ানোর প্রস্তাব প্রণয়ন করে পেট্রোবাংলায় পাঠায়। এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ‘সংস্থা (আরপিজিসিএল) থেকে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমরা এটি দেখে মন্ত্রণালয়ে পাঠাব। সিএনজির দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত লাগবে।’মূল্য বৃদ্ধির পক্ষে যে যুক্তি: ওই প্রস্তাবে বলা হয়েছে, আশির দশকে দেশে সিএনজি-সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পেট্রল, অকটেন, ডিজেল ইত্যাদি জ্বালানির দাম যে হারে বেড়েছে, সিএনজির দাম সে হারে বাড়েনি। এ দেশে সিএনজির বর্তমান দাম পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় গড়ে প্রায় ৩৫ শতাংশ কম। এখানে তরল জ্বালানির তুলনায় সিএনজি প্রায় ৮০ শতাংশ সাশ্রয়ী।প্রস্তাবে আরও বলা হয়েছে, বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট ও এনজিএল প্রক্রিয়াকরণের মাধ্যমে এলপিজি, পেট্রল ও ডিজেল উৎপাদন করা হয়। সিএনজির দাম কম হওয়ায় দেশে উৎপাদিত পেট্রলের চাহিদা কমে গেছে। এই পেট্রল রাখার প্রয়োজনীয় জায়গা নেই। ফলে প্রক্রিয়াকরণ কেন্দ্র (ফ্রাকসনেশন প্লান্ট) বন্ধ করে দিতে হচ্ছে। যেহেতু গ্যাস উৎপাদন বন্ধ রাখা সম্ভব নয়, তাই উৎপাদিত কনডেনসেট কম দামে বিদেশে রপ্তানি করতে হচ্ছে।যানজট কমানো: প্রস্তাবে বলা হয়েছে, জ্বালানি খরচ কম হওয়ায় সিএনজিচালিত গাড়ির ব্যবহার এবং যানবাহনের সংখ্যা অধিক হারে বাড়ছে। মহানগরে পরিমাণমতো সড়ক না থাকায় এসব যানবাহন ব্যাপক যানজট সৃষ্টি করছে। সিএনজির দাম বাড়লে যানবাহনের সংখ্যা বৃদ্ধির হার কমবে ও অতিরিক্ত গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার নিরুৎসাহিত হবে।সম্ভাব্য প্রতিক্রিয়া: সিএনজি খাতে বর্তমানে দৈনিক প্রায় ১০ কোটি ঘনফুট গ্যাস ব্যবহূত হচ্ছে। দাম বাড়ানো হলে ব্যবহার আট কোটি ঘনফুটে নামবে। প্রতি ঘনমিটার সিএনজির ফিড গ্যাসের (সিএনজি স্টেশনে ব্যবহারের জন্য সরবরাহ করা গ্যাস) বর্তমান দাম নয় টাকা ৯৭ পয়সা থেকে বাড়িয়ে সাড়ে ১৭ টাকা করা হলে প্রতি ঘনমিটার ফিড গ্যাস থেকে অতিরিক্ত আয় হবে সাত টাকা ৫৩ পয়সা। এতে সরকারের বার্ষিক রাজস্ব আয় বাড়বে প্রায় ৬০২ কোটি টাকা।সিএনজির দাম বাড়লে মালামাল ও যাত্রী বহনকারী গণপরিবহন ব্যয় বাড়তে পারে। এতে যাত্রী দুর্ভোগ ও দ্রব্যমূল্যও বাড়তে পারে। সিএনজির বিক্রি কমতে পারে। ফলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ জন্য তাদের মুনাফা প্রতি ঘনমিটারে বর্তমানের দুই টাকা ৬৬ পয়সা থেকে বাড়িয়ে তিন টাকা ৩৮ পয়সা করা যেতে পারে। দাম বাড়লে শহরে সিএনজির ব্যবহার কমবে, পেট্রল ও ডিজেলের ব্যবহার বাড়বে। ফলে পরিবেশ দূষণের মাত্রা বাড়তে পারে।