সিএনজির দাম বাড়ালে কঠোর কর্মসূচির হুমকি
সরকার আবারও সিএনজির দাম বাড়ালে উপকারভোগীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকদের সংগঠন বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদের এক সভা শেষে এ হুমকি দেওয়া হয়। সভায় বলা হয়, এ ধরনের কর্মসূচির ফলে উদ্ভূত পরিস্থিতির সব দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরই বর্তাবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে সিএনজির দাম বাড়ানোর বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সভায় এর নিন্দা জানিয়ে বলা হয়, দেশের আইন অনুযায়ী যেকোনো জ্বালানির দাম বাড়ানোর একক এখতিয়ার এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। কাজেই অর্থমন্ত্রীর ওই বক্তব্য তাঁর এখতিয়ার-বহির্ভূত ও লাগামহীন।অন্য এক বিবৃতিতে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী-মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সিএনজির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, দাম বাড়ালে পরিবহন খাতে সৃষ্ট যেকোনো সমস্যার দায়ভার সরকারকেই বহন করতে হবে।উল্লেখ্য, গত ১২ মে দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার সিএনজি প্রায় ২৫ টাকা করা হয়। এরপর গত ১৯ অক্টোবর আরও একবার দাম বাড়িয়ে তা ৩০ টাকা করা হয়েছে।