সিএনজির মূল্যবৃদ্ধির পর বাসভাড়া আদায় ইচ্ছামতো
সরকার ঘোষণা না দিলেও রাজধানীতে চলাচলকারী বাসে ভাড়া বেড়েছে ইচ্ছামতো। গতকাল শুক্রবার সকাল থেকে মালিকেরা বাসভাড়া বাড়িয়েছেন। কাউন্টারভিত্তিক বেশির ভাগ বাসে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে পাঁচ থেকে সাত টাকা বেশি আদায় করা হচ্ছে।সিএনজিচালিত অটোরিকশা ও দূরপাল্লার বাসেও ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসেও ভাড়া বাড়ানো হয়েছে। সরকার গত বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে প্রতি ঘনমিটার সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম আট টাকা বাড়িয়ে ২৫ টাকা করেছে। কিন্তু সিএনজির দাম বাড়ানোর ওই ঘোষণায় যানবাহনের ভাড়া বাড়বে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও (বিআরটিএ) ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। কিন্তু গতকাল সকাল থেকেই বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান গতকাল প্রথম আলোকে বলেন, ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। সাপ্তাহিক বন্ধের পর পরবর্তী কর্মদিবসে এই বিষয়ে করণীয় ঠিক করা হবে।বিআরটিসির বাসে ফার্মগেট থেকে সাভার পর্যন্ত আগে ভাড়া নেওয়া হতো ২০ টাকা। গতকাল আদায় করা হয় ৩০ টাকা। ফার্মগেট থেকে নবীনগরের ভাড়া পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নেওয়া হচ্ছে। লোকাল হিসেবে চলাচলকারী মিনিবাসগুলোতেও গন্তব্যভেদে দুই থেকে তিন টাকা করে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে। বেসরকারি মালিকানাধীন কাউন্টারভিত্তিক বাসগুলোতে সর্বনিম্ন ভাড়া নেওয়া হচ্ছে ১২ টাকা। অর্থাৎ বাসে উঠলেই যাত্রীদের ১২ টাকা দিতে হচ্ছে। এই পরিবহনগুলোর পুরোনো টিকিটে যে ভাড়া উল্লেখ ছিল, তা কেটে সেখানে কলম দিয়ে নতুন ভাড়া লিখে আদায় করা হচ্ছে।মোহাম্মদপুরে তরঙ্গ পরিবহনের টিকিট বিক্রেতা সেলিম হাওলাদার জানান, মালিকের নির্দেশে তাঁরা বাড়তি ভাড়া নিচ্ছেন। এ নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁদের বচসা হচ্ছে।