সিএমএইচে অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিভিন্ন স্বাস্থ্যসুবিধাসহ একটি অস্থিমজ্জা প্রতিস্থাপন (বিএমটি) কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে এই কেন্দ্রের উদ্বোধন করেন। খবর বাসসের।
অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্রে একটি পোস্ট এনেসথেটিক কেয়ার ইউনিট, একটি ক্রিটিক্যাল কেয়ার সেন্টার এবং একটি ক্যাজুয়ালিটি ও ইমারজেন্সি ইউনিট রয়েছে। দেশে এ ধরনের কেন্দ্র এটি দ্বিতীয়।
সিএমএইচ সূত্র জানায়, বাংলাদেশে ব্লাড ক্যানসার ও রক্তসংক্রান্ত রোগব্যাধি দিন দিন বাড়ছে। গত পাঁচ বছরে ঢাকা সিএমএইচে এ ধরনের ৪২৩ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে খুব কম সংখ্যক রোগী চিকিৎসা পেয়েছে। এই কেন্দ্রে ৯৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া যাবে। এতে বেসামরিক ও সামরিক উভয় ধরনের রোগীই চিকিৎসা পাবেন। থাকছে আধুনিক চিকিৎসাসুবিধা। খরচ হবে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের তুলনায় কম।
২০১৩ সালের ২০ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র স্থাপন করা হয়।
কেন্দ্রটি উদ্বোধন শেষে সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
পরে প্রধানমন্ত্রী বিএমটি, আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এবং আর্মি হেডকোয়ার্টার কনফারেন্স ও অডিটোরিয়াম কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল এ এম এম আওরঙ্গজেব চৌধুরী, শেখ হেলাল উদ্দিন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সামরিক চিকিৎসা সার্ভিস পরিদপ্তরের পরিচালক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।