সিএমএইচে নেওয়া হয়েছে সবার মরদেহ
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় নিহত ২০ জন বিদেশি ও সেনাবাহিনীর অভিযানে নিহত ছয়জন সন্ত্রাসীর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কঠোর নিরাপত্তায় ১৪টি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাস্থলে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানিয়েছেন, ‘অপারেশন থান্ডারবোল্ট’ শেষ হওয়ার পর বেলা দেড়টার দিকে সেনাবাহিনীর আটটি সাঁজোয়া যান ঘটনাস্থল ত্যাগ করে। চলে যান অপারেশন থান্ডারবোল্টে অংশ নেওয়া কমান্ডো সেনারাও। এরপর রাস্তার একপাশে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানে আসেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের নেতৃত্বে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে আলামত সংগ্রহ করেন। এরপরেই ১৪টি অ্যাম্বুলেন্সে করে হতাহত ব্যক্তিদের মরদেহ নিয়ে যাওয়া হয়।
এদিকে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রচলিত নিয়ম মেনেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। তাদের পরিচয় নিশ্চিত করতে কোনো জিজ্ঞাসা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁর মুঠোফোন নম্বর-০১৭৬৯০১২৫২৪। সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্ত সাপেক্ষে এই ঘটনার অন্যান্য বিস্তারিত তথ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরে জানানো হবে।