সিএমএইচের শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত
ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শয্যা সংখ্যা ৭৫০ থেকে এক হাজারে উন্নীত করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবদুল ওয়াদুদ গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। খবর বাসসের।সাক্ষাৎকালে জেনারেল ওয়াদুদ গত দুই বছরে সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজসংলগ্ন নির্মাণাধীন ৫০০ শয্যাবিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাজ এবং ১০০ শয্যাবিশিষ্ট সিরাজ-খালেদা মেমোরিয়াল হাসপাতালের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।পিএসও রাষ্ট্রপতিকে অবহিত করেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৫০ শতাংশ ও সিরাজ-খালেদা মেমোরিয়াল হাসপাতালের প্রায় শতভাগ শয্যা বেসামরিক জনগণের চিকিৎসার জন্য নির্ধারিত থাকবে।রাষ্ট্রপতি তিন বাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।