সিএমএমইউর কর্মকর্তাদের বিরুদ্ধে দরপত্রে দুর্নীতির অভিযোগ
খুলনায় হাসপাতালের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ তদারককারী প্রতিষ্ঠানের (সিএমএমইউ) কর্মকর্তাদের বিরুদ্ধে একটি প্রকল্পের কিছুসংখ্যক দরপত্রে অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ তুলে গত সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত সিএমএমইউ কার্যালয়ের সামনে অর্ধশতাধিক ঠিকাদার বিক্ষোভ দেখান। একপর্যায়ে সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।সিএমএমইউর কেন্দ্রীয় ঠিকাদার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক শেখ হাসান ইফতেখার বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় খুলনা বিভাগের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সংস্কার ও সম্প্রসারণে মোট ১৬২টি প্যাকেজ নেওয়া হয়। এর মধ্যে ১৮ জানুয়ারি ৬৭টি প্যাকেজের জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু বাকি ৯৫টি কাজের দরপত্র এখনো আটকে আছে। তিনি বলেন, এর মধ্যে নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান তাঁদের ৫৫টি প্যাকেজের কাজ ওপরের নির্দেশে দরপত্র ছাড়াই দেওয়ার কথা বলেন। খুলনা সিএমএমইউর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নাসির আহম্মেদ অভিযোগ করে বলেন, দরপত্র আহ্বানের ৬৭টি প্যাকেজে যেসব ঠিকাদার কাজ পেয়েছেন, তাঁদের প্রত্যেককে শতকরা পাঁচ শতাংশ টাকা অফিসকে কমিশন হিসেবে দিতে হয়েছে। ঢাকা অফিসে দিতে হবে বলে তাঁদের কাছ থেকে জোর করে এই টাকা আদায় করা হয়েছে। নাসির আহম্মেদ আরও অভিযোগ করেন, সম্প্রতি সাতক্ষীরা সদর হাসপাতালের বৈদ্যুতিক সংস্কারের দুটি কাজও লটারি ছাড়া গোপনে দেওয়া হয়েছে। খুলনার সিএমএমইউর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, ৫৫টি প্যাকেজের কাজ দরপত্র আহ্বান বা লটারি ছাড়া দেওয়ার বিষয়টি তিনি ঠিকাদারদের সঙ্গে ‘ঠাট্টা’ করে বলেছেন। কাজ পাওয়া কোনো ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়া হয়নি। সাতক্ষীরা সদর হাসপাতালের কাজটিও নিয়মমাফিক দেওয়া হয়েছে।