সিএমপির অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আমন্ত্রিত অতিথির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। মঙ্গলবার সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২১–এ
ছবি: আইএসপিআর


বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও সিএমপির ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা ও সিএমপির অধিনায়কদের উদ্দেশে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তাচেতনাসম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের সব সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক অফিসাররা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপির ১৭ বীর শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতির স্মরণে সিএমপিসিঅ্যান্ডএসে নবনির্মিত স্মৃতিস্তম্ভ বিজয় চেতনের উদ্বোধন করেন। এ সময় সেখানে তিনি একটি ছাতিমগাছের চারা রোপণ করেন। এ ছাড়া সিএমপিসিঅ্যান্ডএস সেন্টারে তিনি মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটরিয়ামের নামফলক উন্মোচন করেন।