সিএমসিসিআইয়ের পণ্য বিক্রি এক ঘণ্টা আগেই বন্ধ
নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়কেন্দ্রে বিক্রি বন্ধ হয়ে যায়। নগরের আগ্রাবাদে সিএমসিসিআই কার্যালয়ের নিচে এই বিক্রয়কেন্দ্রের অবস্থান।সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জনগণের সুবিধার্থে আগামী শনিবার থেকে অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টের সামনে নতুন একটি বিক্রয়কেন্দ্র খুলব।’সরেজমিনে বেলা দুইটার পর আগ্রাবাদ গিয়ে দেখা যায়, সিএমসিসিআইয়ের বিক্রয়কেন্দ্রে লোকজন নেই। ক্রেতাও নেই। জানা গেছে, রমজান মাসে প্রতিদিন বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিক্রির সময় নির্ধারিত। কিন্তু গতকাল বেলা দুইটার আগেই সিএমসিসিআই বিক্রয়কেন্দ্রে চাল ও ভোজ্যতেলের মজুদ ফুরিয়ে যায়। ফলে ক্রেতারা হতাশ হয়ে ফিরে যান। ওই বিক্রয়কেন্দ্রে গত সোমবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে বেচাকেনা বন্ধ হয়েছিল।রোববার থেকে গরিব ও দুস্থদের জন্য ভর্তুকি দিয়ে সিএমসিসিআই ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু করে। এখানে প্রতি কেজি আতপ চাল ২৪ টাকা, চিনি ৫৮ টাকা এবং দুই লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি করা হচ্ছে ২৩০ টাকায়। একজন সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন।