সিএসআরের মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের মর্যাদাসম্পন্ন কাজের সুযোগ সৃষ্টি

৫ মার্চ ২০১৫, প্রথম আলোর আয়োজনে ‘সিএসআরের মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের মর্যাদাসম্পন্ন কাজের সুযোগ সৃষ্টি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হলো
সুবিধাবঞ্চিত তরুণদের শিক্ষা ও মর্যাদাসম্পন্ন কাজের সুযোগ সৃষ্টিতে সিএসআরের (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) ভূমিকা:
শিল্পমালিক ও ব্যবসায়ীদের দিক থেকে:
. কারিগরি শিক্ষায় শিক্ষাবৃত্তি প্রদান
. শিল্পের প্রয়োজন অনুসারে দক্ষ শ্রমিক তৈরিতে কারিগরি প্রতিষ্ঠান নির্মাণে সহযোগিতা করা
. স্বাস্থ্যসম্মত নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা করা
. তরুণদের শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ সৃষ্টি করা
. প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ সৃষ্টি করা
সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের দিক থেকে:
. শিশু-কিশোরদের মৌলিক শিক্ষা প্রদান
. কিশোর শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা
. প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও ব্যবস্থাপকদের শিশুঅধিকার ও শ্রম আইনের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করা
সিএসআরের মাধ্যমে প্রশিক্ষণ
প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ
সূত্র: সেভ দ্য চিলড্রেন
আলোচনায় সুপারিশ
. সিএসআরের মাধ্যমে সুুবিধাবঞ্চিত তরুণ ও শিশুদের কল্যাণে বড় ভূমিকা রাখতে হবে
. মানবসম্পদ দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে
. গবেষণায় দেখেছি, দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পমািলকেরা শিশু-কিশোদের উন্নয়নে বিশাল একটা ভূমিকা রাখতে পারে
. একটা মানবিক সমাজে অবশ্যই তরুণদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্ন কাজের সুযোগ থাকতে হবে
. প্রতিটি সিএসআরের ক্ষেত্রে মূল্য সংযোজন থাকতে হবে। তা না থাকলে সিএসআর কখনো কার্যকর হবে না
আলোচনা
আব্দুল কাইয়ুম: সুইডেনে সিএসআরের (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা কোম্পানির সামাজিক দায়বদ্ধতা) ওপর একটি কর্মশালায় গিয়েছিলাম। সেখানকার প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের জন্য খেলাধুলা, বিনোদন, বিশ্রাম—অনেক কিছুর ব্যবস্থা করে। আমাকে এক প্রতিষ্ঠানে নিয়ে গেল। দেখলাম বিশাল এক ব্যায়ামাগার। বললাম, এখানে কারা আসে। বলল, প্রতিষ্ঠানের সবাইকে আসতে হয়। কাজের ক্ষতি হয় না? না। কাজের মধ্যে সমন্বয় করে সবাই আসে। এতে তো কোম্পানির অনেক বিনিয়োগ করতে হয়! এটাই তো সিএসআর। আরও জানতে পারলাম, আগে কোম্পানির কর্মচারীরা অসুখে পড়তেন। বেশি ছুটি নিতেন। এখন ছুটি ও অসুখ দুটোই কমেছে।
প্রতিষ্ঠানের উৎপাদন বেড়েছে। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো এভাবে ভাবলে তাদের ও শ্রমিক দুই পক্ষেরই কল্যাণ হবে। সেভ দ্য চিলড্রেন ইতিমধ্যে সিএসআরের মাধ্যমে তরুণ-কিশোরদের জন্য ঝুঁকিমুক্ত ও সম্মানজনক কাজের সুযোগ তৈরির বেশ কয়েকটি চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য প্রতিষ্ঠানগুলোরও এমন উদ্যোগ নেওয়া জরুরি।
মিকাইল শিপার: সবার ধারণা, অন্যকে সহযোগিতা করাই সিএসআরের কাজ। সিএসআরের কোনো নিয়মনীতি ছিল না। এখনো নেই। তবে এখন সিএসআরের বিষয়ে একটি জাতীয় নীতিমালা হতে যাচ্ছে। এর আগেই শিশুদের কল্যাণে কীভাবে সিএসআর কাজে লাগানো যায়, সে ভাবনা থেকেই সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেছি। এ কাজ করতে গিয়ে অনেক পক্ষের সঙ্গে আলোচনা করলাম। সাধারণত সিএসআর সম্পর্কে ধারণা হলো ঈদের সময় জাকাত দেওয়া, গরিবদের কিছু সাহায্য-সহযোগিতা দেওয়া, কারখানার পাশে মসজিদ করা, ইমামের বেতন দেওয়া ইত্যাদি।
আমরা বলে থাকি, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাই শিশু অধিকারের আইন করেছি। নীতিমালা করেছি। এসবের উদ্দেশ্য—শিশুদের যেন মঙ্গল হয়। সিএসআরের মাধ্যমে সুুবিধাবঞ্চিত তরুণ ও শিশুদের কল্যাণে বড় ভূমিকা রাখতে হবে। সিএসআর নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। আজকের আলোচনা থেকে যেসব সুপারিশ ও দিকনির্দেশনা আসবে, সেসব সুপারিশ সিএসআর নীতিমালায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করব।
সুলতানা কামাল: সিএসআরের বিষয়টি আমাদের ভাবনার মধ্যে আছে। এটা নিয়ে আইন ও সালিশ কেন্দ্র এখন গুরুত্বের সঙ্গে ভাবছে। বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়ও আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। মানবসম্পদ দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এর জন্য একেবারে নিজস্ব বা দেশীয় একটি উপায় বা পদ্ধতি বের করতে হবে। প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন। জীবনব্যাপী সে অন্যের ওপর নির্ভর করে থাকতে পারে না। তার বেঁচে থাকার জন্য নিজস্ব শক্তি অর্জন করতে হয়। একসময় না একসময় এ শক্তির দ্বারা তাকে ঘুরে দাঁড়াতেই হয়। নিজের শক্তিতে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটি আজকের আলোচনার মূল বিষয়। সবাই বলি, শিশু জাতির ভবিষ্যৎ। আইন ও সালিশ কেন্দ্র বলে, শিশু জাতির বর্তমান। ভবিষ্যৎ বলে বলে আমরা সবকিছু ভবিষ্যতের জন্য করতে থাকি। ভবিষ্যতে পৌঁছাতে আমাদের বারবার হোঁচট খেতে হয়। ফলে বর্তমানের জন্য কিছু করা হয় না। ভবিষ্যতে কী হবে জানি না। আমাদের শিশুদের জন্য এখনই এমন কিছু করতে হবে, যাতে তারা মর্যাদাসম্পন্ন জীবন পায়।
শাহিদা বেগম: ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সিএসআরের ব্যবহার নিয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করেছি। এই প্রকল্প করার সময় প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক উভয় ধরনের খাতকে অন্তর্ভুক্ত করেছি। অপ্রাতিষ্ঠানিক খাত নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তাঁরা বলার চেষ্টা করেছেন ওই খাত কীভাবে সিএসআরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অপ্রাতিষ্ঠানিক খাতের মাধ্যমেও যে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ করা যায়, সে বিষয়টি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি।
আজকের আলোচনার মূল বিষয়—সব ধরনের সুবিধা থেকে যেসব শিশু-কিশোর বঞ্চিত, তাদের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে কীভাবে মর্যাদাসম্পন্ন জীবনের সুযোগ সৃষ্টি করা যায়। অপ্রাতিষ্ঠানিক খাতগুলোতে অমানবিক অবস্থায় অনেক শিশু-কিশোর কাজ করে। দেশের ৫০ শতাংশের বেশি মানুষের বয়স ২৪ বছরের নিচে। ১০-১৯ বছরের মধ্যে রয়েছে প্রায়
চার কোটি মানুষ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতায় দেখেছি, অপ্রাতিষ্ঠানিক খাতের শিশু-কিশোরেরা সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত। কেন সুবিধাবঞ্চিত? কারণ, তাদের শিক্ষা ও দক্ষতা খুবই কম। যেকোনো মূল্যে শিশু-কিশোরদের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা ও দক্ষতার অভাবেই তারা অপ্রাতিষ্ঠানিক খাতে অমানবিক কাজ করে। কিছু প্রচলিত প্রতিষ্ঠান জরিপ করেছি। এরা স্থানীয়ভাবে তাদের কাঁচামাল সংগ্রহ করে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই জানে না তাদের সহযোগী অপ্রাতিষ্ঠানিক খাতগুলোয় অমানবিকভাবে শিশু-কিশোরেরা কাজ করে।
দেশের প্রতিষ্ঠানগুলো বলছে, তারা দক্ষ শ্রমিক পায় না। এটা অনেক ক্ষেত্রেই হয়তো সত্যি। তবে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষানবিশ পদ্ধতি প্রায় চালু নেই বললেই চলে। এদিকটায় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের সব গবেষণায় দেখেছি, দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পমালিকেরা শিশু-কিশোর উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে। অনেক প্রশিক্ষণকেন্দ্র শিল্পের প্রয়োজন না জেনেই প্রশিক্ষণ দিচ্ছে। ফলে কর্মক্ষেত্রে এ প্রশিক্ষণ কোনো কাজে লাগছে না।
আবার অনেকেরই প্রশিক্ষণের মান খুবই নিম্নমানের। এ ক্ষেত্রে আমাদের মনে হয়েছে, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক এবং প্রশিক্ষণকেন্দ্রগুলোর মধ্যে একটা অংশীদারি হওয়া খুব জরুরি। আমরা সংশ্লিষ্ট প্রায় সবাইকে নিয়ে একটি কমিটি তৈরি করেছি। এ কমিটি খুব ফলপ্রসূভাবে কাজ করছে। ভবিষ্যতে সিএসআরের মাধ্যমে শিশু-কিশোরদের ব্যাপক উন্নয়ন হবে আশা করি।
রতন সরকার: সিএসআর সম্পর্কে সবার ধারণা এক রকম নয়। এ বিষয়টি সবার কাছে পরিষ্কার থাকা দরকার। সিএসআর প্রণয়নের নীতির সঙ্গে আমরা যুক্ত ছিলাম। এটা কোনো করুণা বা দয়া নয়। এটা হলো কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতা। সিএসআর বিষয়ে সমালোচনা করা উদ্দেশ্য নয়। সিএসআরকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়াই আমাদের উদ্দেশ্য। আমরা নাগরিক সমাজ যদি সিএসআর নিয়ে কাজ করতে চাই, তবে এ বিষয়ে যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।
প্রতিটি প্রতিষ্ঠান বা কোম্পানিকে কিছু নিয়মনীতির মধ্যে ব্যবসা করতে হয়। সমাজে যখন সমস্যা দেখা দেয় তখন সিএসআরের বিষয় সামনে আসে। সমাজের রূপান্তর করতে হলে সিএসআরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একটা মানবিক সমাজে অবশ্যই তরুণদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্ন কাজের সুযোগ থাকতে হবে। এসব ক্ষেত্রে সিএসআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের ব্যবসায়ীরা একটা সুবিধাজনক অবস্থায় থাকেন। জাতীয় সংসদের ৮০ শতাংশ সদস্যই ব্যবসায়ী। তাঁরা সেখানে তরুণদের কল্যাণে সিএসআরের বিষয় আলোচনা করতে পারেন। সমাজের অবহেলিত মানুষের পক্ষে কথা বলতে পারেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সিএসআরের বিষয়ে নীতিমালা প্রণয়ন করছে। এখন নাগরিক সমাজ, ব্যবসায়ী, সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আনতে হবে। সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে দ্রুত সমাজের কল্যাণ হবে। বিশেষ করে সিএসআরের মাধ্যমে তরুণসমাজের ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।
জাকী হাসান: সিএসআর শব্দের অর্থ যা করা হয় সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। এর অর্থ হয়তো অন্যভাবে করা যেত। সব বিষয়ে বিশেষায়িত বিশেষজ্ঞের অভাব রয়েছে। যিনি সমাজের ভারসাম্য-বৈষম্য নিয়ে ব্যাখ্যা করতে পারবেন, তিনি হিসাব বিষয়ের অনেক কিছু হয়তো বুঝবেন না। এ দুইয়ের মধ্যে সমন্বয় না থাকার জন্য অনেক সামাজিক উন্নয়ন সঠিকভাবে হয় না।
আমরা অনেক করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি। তারা মানুষের জন্য কিছু করতে চায়। কিন্তু বুঝতে পারে না কীভাবে করবে। আবার আমরাও অনেক ক্ষেত্রে বোঝাতে পারি না। কিশোর-কিশোরীদের প্রশিক্ষণে সহযোগিতা করলে দিনের শেষে প্রতিষ্ঠানগুলোর লাভ হয়। কীভাবে লাভ হয়? এ লাভের আর্থিক মূল্য কতটুকু? এটা হয়তো প্রতিষ্ঠানগুলোকে বোঝাতে পারছি না। যেমন প্রথম আলো মাদকাসক্ত ও অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা থেকে শুরু করে বন্ধুসভা পর্যন্ত অনেক কাজ করে, যেগুলো প্রথম আলোর মান বৃদ্ধিতে সহায়ক হয়েছে। দেশের মানুষ এখন আর সস্তা জিনিস খোঁজে না। সেই জিনিস খোঁজে, যার মধ্যে বৈচিত্র্য আছে।
তাই যারা সমাজবিজ্ঞান জানবে, তাদের অর্থনীতি ও হিসাববিজ্ঞান জানা–বোঝার আছে। তা না হলে সমাজের মধ্যে ভারসাম্য আনা কঠিন। ইউসেপ বাংলাদেশে কিশোর-কিশোরীদের কৌশলগত কাজের প্রশিক্ষণ দেয়। এ ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের সহযোগিতা করে। কারণ, আমরা তাদের প্রশিক্ষিত জনবল দিতে পারি।
১৯৭২ সালে একজন বিদেশির হাত ধরে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। দেশীয় শিল্পের চাহিদা অনুযায়ী জনবল সরবরাহ করতে আমাদের দশকের পর দশক লেগেছে। কারণ, শুরুতে এ বিষয়টি মানুষ ভালোভাবে বুঝত না। কিন্তু বিদেশিরা সব সময় সহযোগিতা অব্যাহত রাখে না। তাই দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে সিএসআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সৈয়দ ফারহাত আনোয়ার: একটা ভালো সংবাদ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএসহ কয়েকটি বিভাগে সিএসআরের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সিএসআর পরিমাপ করার পদ্ধতিও তৈরি হয়েছে। তিনটি বটম লাইন দিয়ে সিএসআর পরিমাপ করতে হবে। প্রতিষ্ঠানের মুনাফা, জনগণ, পরিবেশ ইত্যাদির ওপর ভিত্তি করে পরিমাপ করতে হবে। প্রশিক্ষণের দিক থেকে বিষয়টি হলো সামাজিক দক্ষতা, কৌশলগত দক্ষতা, ব্যবসায়িক দক্ষতা ও সফট স্কিলের গুরুত্ব। এ চারটি ক্ষেত্রকে বিবেচনায় না নিয়ে সিএসআরের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যাবে না। সবকিছুর মধ্যে একটা সমন্বয় আনতে হবে। এনজিও, সরকার ও ব্যবসায়ী—সবাই মনে করছে তারা আলাদা। এ তিন পক্ষের মধ্যে সমন্বয় আনতে হবে। তা না হলে সিএসআরের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যাবে না। কোনো কোম্পানির টাকা দেওয়াকেই সিএসআর বলা হয় না। এটা সিএসআরের মডেল না।
কোম্পানি প্রতিষ্ঠার দর্শনে বলা আছে, কোম্পানি ও কমিউনিটির মধ্যে সামঞ্জস্য থাকবে। এ দর্শনটা অনেক গভীর। কিন্তু তেমনভাবে আমরা কি ভাবছি? সিএসআর এমন একটি বিষয়, যা সমাজের সামাজিক, ব্যবসায়িক ও কৌশলগত দক্ষতা নিশ্চিত করবে। ব্যবসায়িক ক্ষেত্রে সিএসআর পরিমাপ করবেন প্রশিক্ষণকেন্দ্রের বিশেষজ্ঞ। তিনি হিসাব করে বলবেন একজন দক্ষ কর্মী বেশি উৎপাদনে ভূমিকা রাখতে পারেন। বাড়তি উৎপাদনকে আর্থিক মূল্যে রূপান্তর করাও সহজ।
আমরা একবার একটা টেক্সটাইল মিলের একটা পাইপের ত্রুটি নিয়ে সামান্য কিছু কাজ করে প্রতি মাসে কয়েক লাখ টাকার পানির বিল কমাতে পেরেছিলাম। এভাবে সিএসআর কাজ করা এবং পরিমাপ করা সহজ।
সিএসআরে মূল্য সংযোজন থাকতে হবে, তা না হলে সিএসআর কার্যকর হবে না। পোলট্রিশিল্পে যাঁরা বিনিয়োগ করেন, তাঁরা সরাসরি মূল্য সংযোজন করেন না। যাঁরা পোলট্রিশিল্পে কাজ করেন, তাঁদের সামাজিক অনেক সমস্যা লাঘব হয়। এঁরা সামাজিক মূল্য সংযোজন করেন। তাই মনে করি, প্রতিটি সিএসআরের ক্ষেত্রে মূল্য সংযোজন থাকতে হবে। তা না থাকলে সিএসআর কখনো কার্যকর হবে না।
আসাদ খান: সিএসআর মানে কোনো পরোপকার নয়। দয়া বা করুণা তো নয়ই। ব্যবসার নৈতিকতায় আছে, যে সমাজের মধ্যে ব্যবসা হবে, সে সমাজকে কিছু ফিরিয়ে দিতে হবে। যেসব প্রতিষ্ঠান সমাজের জন্য কিছু করছে, তারা কিন্তু অন্যদের থেকে সুনামের সঙ্গে ব্যবসা করছে। সমাজ ও ব্যবসায়ীদের এ বিষয়টি বুঝতে হবে। ইউরোপ-আমেরিকাতে অনেক আগেই এ কাজটি হয়েছে। আমি একটি লিজিং ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে কাজ করতে হয়। বাংলাদেশ ব্যাংকের তিনটি বিশেষ ক্ষেত্র রয়েছে। এর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য অন্যতম। এসব ক্ষেত্রে সিএসআরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৮০ সালে একটি বিদেশি কোম্পানি এ দেশে বৃক্ষরোপণ শুরু করেছিল। সেখান থেকেই আজকে বৃক্ষরোপণে একটি বিপ্লব তৈরি হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকও অনেক এমন কাজ করছে।
আমাদের প্রাইম ফাইন্যান্স বিজনেস লিমিটেডে মাত্র ১২০ জন কাজ করেন। চাইলেই আমরা একটি সিএসআর বিভাগ খুলতে পারি না। তবে ইউসেপ ও সেভ দ্য চিলড্রেনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আছে, চাকরির সুযোগ তৈরি হয় এমন প্রশিক্ষণ, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সহযোগিতা, শিক্ষা বৃত্তি, শিক্ষার সুযোগ উন্নয়ন, রিলিফ ও ডিজাস্টারের সময় যেমন ঝড়, সাইক্লোন, সিডরের মতো বিপর্যয়ে সিএসআরকে কাজে লাগাতে হবে। আবার সুবিধাবঞ্চিত মানুষের বিনোদনের জন্য সিএসআরের অর্থ ব্যয় করা যেতে পারে।
ভারতের মোহিন্দ্র, টাটা ফ্রেশ গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাচ্ছে। চিটাগং ইপিজেডে একবার দেখলাম একটি কোম্পানি গ্রামের মহিলাদের সেলাই শেখাচ্ছে। একটা কোম্পানির কাছ থেকে কেউ যখন কাজ শেখে, তারা সাধারণত সে কোম্পানি ছেড়ে যায় না। তারা মনে করে, এ কোম্পানিকে আমাদের কিছু দিতে হবে। এভাবে সিএসআরের মাধ্যমে কাজ করলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোম্পানির উন্নতি হয়।
মো. ইমরানুল হক চৌধুরী: বাংলাদেশে সিএসআরের ইতিহাস হাজার বছরের পুরোনো। ব্যবসায় প্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় অর্থ দেয়। কিন্তু সিএসআর আসলে কী, এর কোনো একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। দেশে কী পরিমাণ অর্থ সিএসআরের মাধ্যমে ব্যয় হচ্ছে, তার কোনো হিসাবও নেই। এ হিসাব বের করা হয়তো জটিলও বা সম্ভব না বলে আমার ধারণা। তবে দেরিতে হলেও একটি ভালো সংবাদ যে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেভ দ্য চিলড্রেন সিএসআরের একটি নীতিমালা প্রণয়ন করছে। আমিও এ কাজের সঙ্গে যুক্ত আছি। ফলে আশা করি, সিএসআর নীতিমালা করার পর এ সংক্রান্ত জটিলতা দূর হবে।
সবার একটি নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সিএসআরের অর্থ ব্যয় করার ক্ষেত্র তৈরি হবে। আমরা করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলি। তারা বলে, আমরা তো করছি। কিন্তু আমরা জানি না কীভাবে এটা করতে হয়। আমি মনে করি, সিএসআরের নীতিমালাকে কোনো দাঁড়ি-কমার মধ্যে ফেলা ঠিক হবে না। তাই নীতিমালাকে কিছুটা খোলা রাখা হয়েছে। আমরা চাই এক দিনে সবকিছু ঠিক না করে সময় ও প্রয়োজনের সঙ্গে সঙ্গে এর পরিপূর্ণতা আসা উচিত।
তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়টা খুব জরুরি। করপোরেট প্রতিষ্ঠান, সরকার, এনজিও, এমনকি সাপ্লাই চেইনে যারা কাজ করে, তাদের সবার মধ্যে একটা অংশীদারি গড়ে ওঠা প্রয়োজন। এভাবে কাজ করলে নিশ্চয়ই সিএসআরের প্রকৃত উদ্দেশ্য অর্জন হবে।
শাহমিন এস জামান: আসলে সিএসআরের ধারণাটি সরল কোনো বিষয় নয়। আমরা এশিয়ার পাঁচটি দেশে কাজ করেছি। একটি দেশের সিএসআরের কার্যক্রমের সঙ্গে অন্য দেশের কাজের মিল নেই। কিন্তু ভারত, পাকিস্তানে একটি গাইডলাইন আছে। যদিও সব ক্ষেত্রে গাইডলাইন মানা বাধ্যতামূলক নয়। আমরা শিশুদের জন্য একটি সিএসআর নীতিমালা করছি। কারণ সবাই জানি, শিশুরা হচ্ছে যেকোনো দেশের সম্পদ। ভবিষ্যতের দেশ পরিচালনাসহ সব দায়িত্ব শিশুরা নেবে। এ জন্য সিএসআর কীভাবে
তাদের জন্য কাজ করতে পারে, তার একটি নীতিমালার প্রয়োজন অনুভব করেছি।
আমরা দেশের সব শিশুর কথা ভাবছি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরেরা যেন বেশি সুযোগ পায়, সেদিকটি বিশেষ বিবেচনায় রেখেছি। কোন প্রতিষ্ঠানের কী কাজ, সেটা আমরা আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। কেবল ব্যবসাপ্রতিষ্ঠান সিএসআরের কাজ করবে তা কিন্তু না। অন্য প্রতিষ্ঠান যেমন: এনজিও, সরকার, আরও সংশ্লিষ্ট সবাইকে এ কাজে এগিয়ে আসতে হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে জাতীয় সিএসআর নীতিমালা প্রণয়নের চেষ্টা করছি। এ কাজে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকছে। কিশোরদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও শিক্ষানবিশ হিসেবে কাজ করা খুব জরুরি। সিএসআর হবে দীর্ঘমেয়াদি।
সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একটা অংশীদারি সম্পর্ক থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠান শিশু-কিশোরদের জন্য সিএসআরের মাধ্যমে কী ভূমিকা রাখতে পারে, এর প্রযোগ কীভাবে হবে, নীতিমালা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়, এর বিস্তারিত নীতিমালায় বলা আছে। জাতিসংঘের মহাসচিবের সভাপতিত্বে সিএসআরের ১০টি নীতি ঠিক করা হয়েছে। এ নীতিমালার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের সিএসআরের বিষয়ে দিকনির্দেশনা আছে।
সহিদুল ইসলাম: কোনো কিছু ব্যবহার করে সুফল পেতে হলে তার জন্য একটা আইন বা বিধিবিধান থাকা দরকার। সিএসআর ব্যবহারের এত দিন কোনো নীতিমালা ছিল না। এত দিন যে যার মতো করে সিএসআরের ব্যবহার করেছে। এখন একটি নীতিমালার মধ্যে সবাই সিএসঅার ব্যবহার করতে পারবে। লাখ লাখ শ্রমিকের মধ্যে খুব সামান্য অংশ শিক্ষানবিশ হিসেবে নিবন্ধিত। শিক্ষাক্ষেত্রে কাজ করেছি। শিক্ষায় ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠান সহযোগিতা করে। আগে কেবল ম্যানপাওয়ার সনদ নিয়েই সবাই বিদেশে চলে যেত। এখন কাউকেই সেভাবে যেতে দেওয়া হয় না। প্রত্যেককে ৩ থেকে ২১ দিনের একটি প্রশিক্ষণ নিতে হয়। সে যে দেশে যাচ্ছে সে দেশের রীতিনীতি, চালচলনসহ অন্তত কিছু বিষয় তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি।
আমাদের মেরিন ও ভোকেশনাল প্রশিক্ষণের সনদ শিক্ষা মন্ত্রণালয় দেয়। তিন থেকে ছয় মাস পর্যন্ত প্রশিক্ষণ আমরা দিই, সেটার সনদ বিএমইটি থেকে দেওয়া হয়। আমাদের সনদগুলো আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছি।
এ বি এম খোরশেদ আলম: সিএসআর একটি অত্যন্ত সময়োপযোগী আলোচনা। ব্যবসায়ীরা অনেকে হয়তো মনে করেন এটা তাঁদের জন্য একটি চাপ। সিএসআর নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা বা কর্মশালা জাতীয় কোনো কিছু হয়নি। শিল্পপণ্যের উৎপাদন বাড়ানোর জন্য যে এটা একটা বিনিয়োগ, এ দিকটি শিল্পের মালিকদের বোঝাতে হবে। সিএসআরে বিনিয়োগ শিল্পমালিকদের উৎপাদনকে বৃদ্ধি করে। কিন্তু মালিকেরা এ বিষয়টি সেভাবে ভাবেন না। আবার অন্যদের পক্ষ থেকেও বিষয়টি তাঁদের কেউ যুক্তিসংগতভাবে বোঝাননি। ২০১১ সালে জাতিসংঘে সিএসআর নিয়ে একটি সম্মেলন হয়েছিল। সে সম্মেলনের ঘোষণাপত্রে এত জটিলতা ছিল যে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আলোচনা করে স্বাক্ষর করিনি। বাংলাদেশের কিছু পোশাকশিল্পে শিশু পরিচর্যাকেন্দ্র আছে। ডরমিটরি আছে। চিকিৎসার ব্যবস্থা আছে। উৎসব-পার্বণে অনুষ্ঠান করে। প্রতিষ্ঠানের গাড়িতে শ্রমিকদের আনা-নেওয়ার ব্যবস্থা আছে। পরিচ্ছন্ন টয়লেট আছে। এসবই কিন্তু সিএসআরের কাজ। এঁরা সিএসআর করছেন।
এখন প্রায় সব পোশাকশিল্পেই কম-বেশি শ্রমিকদের সুযোগ-সুবিধার কথা ভাবা হচ্ছে। একবার চিটাগং ইপিজেডে গিয়ে দেখি এক প্রতিষ্ঠান নিজের খরচে মেয়েদের সেলাই শেখাচ্ছে। এটা কিন্তু সিএসআর। কোরিয়ার দাইউ কোম্পানি তাদের লোকবল তারা নিজেরা প্রশিক্ষণ দেয়। এতে শ্রমিকদের প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ও উৎপাদনশীলতা অনেক বাড়ে।
দেশে এমন পোশাকশিল্পও আছে, যাদের শ্রমিকের সংখ্যা ২০ হাজার। ১০ শতাংশ শ্রমিক যদি প্রতি মাসে কাজ ছাড়েন, তাহলে প্রতি সাসে দুই হাজার শ্রমিককে আবার নিয়োগ করতে হয়। এভাবে প্রতিষ্ঠানের উৎপাদন কমে এবং অর্থেরও অপচয় হয়। কিন্তু যদি কারখানার পাশে একটি প্রশিক্ষণকেন্দ্র থাকত, তাহলে এ সমস্যা হতো না। এখন অবশ্য এসব বিষয়ে পোশাকশিল্পের মালিকেরা সচেতন হচ্ছেন। সিএসআরের মাধ্যমে মালিকেরা উপকৃত হন।
এটা তাঁদের বেশি উৎপাদনের জন্য বিনিয়োগ মনে করতে হবে। সিএসআরের মাধ্যমে শ্রমিকের কল্যাণ হলে শ্রমিকও কোম্পানিকে সে অবদান ফিরিয়ে দেন। এখন সিএসআর একটি নীতিমালার মধ্যে আসছে। সিএসআরের সঠিক ব্যবহার নিশ্চত করতে পারলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোর, শ্রমিক, শিল্পমালিক, ব্যবসায়ীসহ সবার কল্যাণ হবে।
সুলতানা কামাল: আইন ও সালিশ কেন্দ্র বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। আমাদের ১৭টি ইউনিট কাজ করে। শিশু-কিশোরদের বিষয়টি আমরা সব সময় অগ্রাধিকার দিই। কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শ্রেণি-সংগ্রামের বিরুদ্ধে আন্দোলন করেছি। সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণের জন্য আমাদের কণ্ঠ উচ্চকিত ছিল।
মনে করি, শিল্পমালিকদের দায়বদ্ধতা আছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার। কারণ, এই সমাজ থেকে তাঁরা অনেক পাচ্ছেন। তাই এই সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা থেকে যায়। আবার তাঁরাও সমাজে সংগ্রাম-চেষ্টা ছাড়া প্রতিষ্ঠিত হননি।
সেদিক থেকে তাঁরা যদি নিজের ইচ্ছায় সাধারণ মানুষের জন্য কিছু করেন, সেটা ভালো হয়। আর সিএসআরের মাধ্যমে মালিকেরা লাভবান হবেন। এটা তাঁদের একটা বিনিয়োগ মনে করতে হবে। আমাদের দেশের আর্থসামাজিক কাঠামোয় সুবিধাবঞ্চিত মানুষের প্রতি শিল্পমালিকসহ সবার একধরনের দায় থেকে যায়।
সব পক্ষের মধ্যে একটা অংশীদারি সম্পর্ক থাকতে হবে। সবার মাধ্যমে সবাই সেবা পাচ্ছে, সেটা ভাবতে হবে। কেউ কাউকে সহযোগিতা করছে, কেউ কারও ওপর নির্ভরশীল—এ রকম ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ফিলিপাইনে একবার আয়ালা ফাউন্ডেশনের সিএসআরের কাজ দেখার সুযোগ হয়েছিল। তারা একটি নীতিমালার ভিত্তিতে স্কুল ও হাসপাতাল করেছে।
আমাদের দেশেও এমন উদাহরণ আছে। রণদাপ্রসাদ সাহা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি মানুষের কল্যাণে স্কুল ও হাসপাতাল করেছেন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিএসআরের বিষয়টি ঠিক করতে হবে কীভাবে এটা ব্যবহার করলে সব পক্ষ উপকৃত হয়। সবাইকে ভেতর থেকেই অনুভব করতে হবে আমাকে অন্যের জন্য কিছু করতে হবে।
মিকাইল শিপার: সিএসআরের একটি নীতিমালা করেছি। এটা আইন না। সিএসআর কমিটি তাদের কাজ শেষ করেছে। আমরা আবার এটাকে পর্যালোচনা করব। আজ একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় কিছু সুপারিশ ও নির্দেশনা এসেছে। এগুলো নীতিমালায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। শিল্পমালিকেরা যেন কোনো চাপ অনুভব না করেন। এটা হবে প্রাথমিক নীতিমালা।
এর সংযোজন-বিয়োজন হওয়ার সুযোগ থাকবে। আরও এমন আলোচনা হবে। অনেক বিষয় আসবে। সিএসআর নীতিমালা সময়ের সঙ্গে পরিপূর্ণতা লাভ করবে। আমরা বিজেএমইএ, বিকেএমইএ এমন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বসেছি। সবার মতামত নিয়েছি। সিএসআর নীতিমালায় এসবের প্রতিফলন থাকবে।
রণদাপ্রসাদ সাহার মতো স্কুল-হাসপাতাল খুব কম মানুষ করেন। করলে সমাজের বৈষম্য অনেক কমে যেত। শিল্পমালিকেরা নিজেদের ইচ্ছায় কেন্দ্রীয়ভাবে একটা তহবিল করতে পারেন। প্রত্যেকে যদি তাঁর নিজের জেলার দায়িত্ব নেন, তাহলে সেখানকার স্কুল ও শিশু-কিশোরদের অনেক উন্নয়ন হয়।
এভাবে কাজ করলে দেশের শহরগুলোতে পথশিশু থাকবে না। তাদের জন্য স্কুল ফিডিংয়ের ব্যবস্থা থাকলে তারা স্কুলে থাকবে। অনেক ক্ষেত্রে একজন শিল্পমালিক হয়তো নিজে একটা শিশু পরিচর্যাকেন্দ্র করতে পারবেন না। কেন্দ্রীয় তহবিল থাকলে কয়েকজন মিলে একটা শিশু পরিচর্যাকেন্দ্র বা ডরমিটরি বা অন্য কিছু করতে পারে।
শিক্ষানবিশ আইন আছে। এরা চার হাজার টাকা করে ভাতা পান। এখন চার হাজার পোশাকশিল্প আছে। একটা শিল্প যদি প্রতিবছর ১০ জন করে শিক্ষানবিশ রাখে, তাহলে বছরে ৪০ হাজার শ্রমিকের কাজের সুযোগ তৈরি হয়। এভাবে সবাই কাজ করলে আমাদের সমাজটা বদলে যেতে পারে।
আব্দুল কাইয়ুম: আলোচনায় এসেছে, সিএসআরের মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের জন্য অনেক ভালো কিছু করা যায়। বিচ্ছিন্নভাবে প্রায় সব শিল্পমালিকই কম-বেশি সিএসআর করছেন। এখন একটি নীতিমালা হচ্ছে। ফলে সিএসআর কার্যক্রম আরও গঠনমূলক ও গতিশীল হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
মিকাইল শিপার : সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
সুলতানা কামাল : নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
এ বি এম খোরশেদ আলম : প্রধান নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেক্রেটারিয়েট
সৈয়দ ফারহাত আনোয়ার : অ্যাকাডেমিশিয়ান অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
শাহমিন এস জামান : প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএসআর সেন্টার
সহিদুল ইসলাম : অতিরিক্ত মহাপরিচালক, ব্যুরো অব ম্যানপাওয়ার ট্রেনিং (বিএমইটি)
মো. ইমরানুল হক চৌধুরী : সভাপতি, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম
আসাদ খান : পরিচালক, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
রতন সরকার : নির্বাহী পরিচালক, ইনসিডিন, বাংলাদেশ ও সদস্য, সিএসআর পলিসি ওয়ার্কিং গ্রুপ
জাকী হাসান : নির্বাহী পরিচালক, ইউসেপ, বাংলাদেশ
শাহিদা বেগম : প্রোগ্রাম পরিচালক, আই, সেভ দ্য চিলড্রেন
সঞ্চালক আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো
সহযোগিতায়