সিএসআরের সুফল উদ্যোক্তারাই পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে ‘সিএসআরের মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের মর্যাদাসম্পন্ন কাজের সুযোগ সৃষ্টি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে ‘সিএসআরের মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের মর্যাদাসম্পন্ন কাজের সুযোগ সৃষ্টি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l ছবি: প্রথম আলো

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) সুফল উদ্যোক্তারাই পাবেন। সিএসআরের অর্থ ব্যয় করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি তরুণদের ঝুঁকিমুক্ত কাজের সুযোগ সৃষ্টি করতে হবে, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াবে। সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে সিএসআর কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘সিএসআরের মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের মর্যাদাসম্পন্ন কাজের সুযোগ সৃষ্টি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা জানান, শিশু-কিশোর শ্রম নিয়ে জাতীয় সিএসআর নীতিমালা তৈরি হচ্ছে।
কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা আয়োজনে সহায়তা করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। পৃষ্ঠপোষকতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
সভায় শ্রমসচিব মিকাইল শিপার বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিকদের সরকারি প্রশিক্ষণকেন্দ্রে মান্ধাতার আমলের মেশিন দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণকেন্দ্রে তৈরি পোশাকশিল্পের মালিকেরা তাঁদের কারখানার ৮-১০টি আধুনিক মেশিন দিতে পারেন। সেই আধুনিক মেশিনে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা আরও দক্ষ হতে পারেন। এতে তৈরি পোশাক খাতের উপকার হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘যাঁদের (করপোরেট প্রতিষ্ঠান মালিক) কাছ থেকে সিএসআরের অর্থ দাবি করছি, তাঁরা হয়তো সেভাবে দেখছেন না। বিনিয়োগ করে তাঁরা লাভবান হতে চাইবেন। তাঁরা তা পাবেনও। তাঁর মতে, সিএসআরের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি হলে সব পক্ষই লাভবান হবে।’
সেভ দ্য চিলড্রেনের ইওয়াইই কর্মসূচি পরিচালক শাহিদা বেগম আলোচনার মূল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে সিএসআর।
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেক্রেটারিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খোরশেদ আলম মনে করেন, সিএসআর সম্পর্কে ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা হয়নি। সিএসআর করলে যে উৎপাদনশীলতা বাড়ে, তাঁদের তা বোঝানো হয়নি।
ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক সহিদুল ইসলাম জানান, সরকারের ৪৮টি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজেদের উদ্যোগে প্রশিক্ষণ নেন। করপোরেট প্রতিষ্ঠানগুলো তাঁদের কর্মীদের এসব সরকারি প্রশিক্ষণকেন্দ্রে পাঠাতে পারেন।
উৎপাদনব্যবস্থা দীর্ঘমেয়াদি ও টেকসই করতে সিএসআরকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান। এ ছাড়া শিশুদের জন্য সিএসআর নীতিমালায় সরকারি ও বেসরকারি খাতের কী ভূমিকা হবে, তা নির্দিষ্ট করার সুপারিশ করেন তিনি।
কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আসাদ খান মনে করেন, সিএসআর পরোপকার নয়, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ববোধ।
অন্যদিকে সিএসআরকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ ফারহাত আনোয়ার।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সভাপতি মো. ইমরানুল হক চৌধুরী বলেন, বিদেশি টাকায় সিএসআর না করে এখন নিজেদের টাকায় সিএসআর করার সময় এসেছে।
ইউসেপের আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন প্রোগ্রামের নির্বাহী পরিচালক জাকি হাসান প্রশ্ন তোলেন, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে মানসম্পন্ন কারিগরি শিক্ষা দেওয়ার সক্ষমতা সরকারি প্রশিক্ষণকেন্দ্রগুলোর রয়েছে কি না?
সিএসআর পলিসি ওয়ার্কিং গ্রুপের সদস্য ও আইএনসিআইডিআইএনের নির্বাহী পরিচালক রতন সরকার বলেন, সিএসআর কার্যক্রম বাস্তবায়নে নাগরিক সমাজকে ভূমিকা পালন করতে হবে।