সিকদার রিয়েল এস্টেটের প্রতিবাদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে ১৫ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে সিকদার রিয়েল এস্টেট লিমিটেড।প্রতিষ্ঠানের পরিচালক রন হক সিকদারের স্বাক্ষরে ১৭ জানুয়ারি পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডোঙ্গা-এসকন-সিকদার যৌথ কোম্পানি ৩০ ভাগ নকশা জমা দিয়েছে। বাস্তবতা হলো, ২০ সেপ্টেম্বর যে দরপত্র জমা দেওয়া হয়েছে, তাতে প্রযোজ্য নকশা সম্পর্কে দরপত্র মূল্যায়ন কমিটি প্রয়োজনে গণ খাতে ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী ব্যাখ্যা চাইতে পারত। কিন্তু তারা কোনো ব্যাখ্যা চায়নি। এ ছাড়া, গত চার মাসে দরপত্র সম্পর্কে কোনো তথ্য না পেয়ে ১০ জানুয়ারি রাজউকের চেয়ারম্যানের কাছে কারিগরি মূল্যায়ন কমিটি পুনর্গঠনের আবেদন জানানো হয়। কিন্তু রাজউক কোনো সিদ্ধান্ত দিতে পারছে না।প্রতিবাদপত্রে বলা হয়, দরপত্রে অংশীদারদের সামগ্রিক বার্ষিক লেনদেন দুই হাজার কোটি টাকা চাওয়া হলেও তিন অংশীদারের বছরে সাড়ে ছয় হাজার কোটি টাকার বেশি লেনদেন থাকতে হবে। সেই হিসাবে বিগত পাঁচ বছরে গড়ে ৫০০ কোটি টাকার চেয়ে বেশি লেনদেন আছে সিকদার রিয়েল এস্টেটের। ফলে দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদনকে উদ্ধৃত করে যে তথ্য দেওয়া হয়েছে, তার বাস্তব ভিত্তি নেই।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে ডোঙ্গা-এসকন-সিকদারের যে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছিল, সেটি দরপত্র মূল্যায়ন কমিটির। এখানে প্রথম আলোর নিজস্ব কোনো বক্তব্য নেই।