
তিস্তা চুক্তি সইয়ের ক্ষেত্রে এবার সিকিমকে যুক্ত করার কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপের সময় তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মিত জলাধার সরিয়ে ফেলার প্রস্তাব দিয়েছেন। এসব প্রকল্পের জন্য সাময়িকভাবে পানি ধরে রাখায় পশ্চিমবঙ্গে তিস্তার প্রবাহ ক্ষীণ হয়ে কৃষিকাজে বিঘ্ন সৃষ্টি করছে বলে মমতার দাবি।
প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গ সফরকারী বাংলাদেশের কর্মকর্তারা প্রথম আলোকে এসব তথ্য জানান। অবশ্য বাংলাদেশের কূটনীতিক ও বিশেষজ্ঞদের আশঙ্কা, সিকিম যুক্ত হলে ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে।
গত ২৬ মে কলকাতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিস্তা নিয়ে কোনো কথা বলতে রাজি হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে এখনই প্রকাশ্যে কোনো আলোচনা করতে চাই না।’
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সিকিম প্রসঙ্গে কী বলেছেন, জানতে চাইলে বাংলাদেশের কর্মকর্তারা বলেন, তিনি সিকিমের সঙ্গে বিষয়টি সুরাহার জন্য বাংলাদেশকে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই আলোচনায় বলেছেন, তিস্তায় পানিপ্রবাহ বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকারকে সিকিমের জলাধার সরিয়ে ফেলার কথা বলতে পারে বাংলাদেশ।
অবশ্য বাংলাদেশের এক কূটনীতিক এই প্রতিবেদককে বলেন, অভিন্ন নদীটির পানিবণ্টন চুক্তি সইয়ের ক্ষেত্রে সিকিমকে যুক্ত করা হলে পুরো প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রস্তাব সম্পর্কে গত সপ্তাহে দিল্লির কূটনৈতিক মহলে জানতে চাওয়া হয়েছিল। তবে ভারতের কূটনৈতিক সূত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্রগুলো বলছে, অভিন্ন নদীটি নিয়ে ভারতের সর্বশেষ অবস্থান প্রতিফলিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বার্ষিক সংবাদ সম্মেলনে। গত ২৯ মে সুষমা স্বরাজ বলেন, ‘তিস্তার পানির বড় অংশীদার পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া তিস্তার পানিবণ্টন চুক্তি করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার।’
সিকিমের প্রসঙ্গটি ভারতের গণমাধ্যমেও এসেছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ধৃত করে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ৩১ মে এক খবরে জানিয়েছে, তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিকিম ও পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হচ্ছে।
দিল্লিতে নারী সাংবাদিকদের আয়োজিত ওই অনুষ্ঠানে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, আগামী ডিসেম্বরে সাধারণ নির্বাচনের আগে চুক্তিটি সই করতে পারলে বাংলাদেশ খুশি হবে।
জানতে চাইলে যৌথ নদী কমিশনের (জেআরসি) সাবেক সদস্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, তিস্তা চুক্তি সইয়ের জন্য কারিগরি, রাজনৈতিকসহ নানা স্তরের আলোচনা শেষ করে দুই দেশ অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া ২০১১ সালে চূড়ান্ত করেছিল। এখন ওই চুক্তি সইয়ের আগে সিকিমের সঙ্গে আলোচনার মানেই হচ্ছে পুরো প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা।
আইনুন নিশাতের মতে, তিস্তা নিয়ে এখন অন্তর্বর্তীকালীন চুক্তি সই করা হোক। এরপর নির্দিষ্ট একটা সময় শেষে চূড়ান্ত চুক্তি সই করার আগে অববাহিকাভিত্তিক সমাধানের ক্ষেত্রে সিকিমকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
সিকিমের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মত কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সিকিমে এখন পর্যন্ত সেই অর্থে কোনো জলাধার নেই। তবে তিস্তার উৎসমুখে পানির গতিপথ আটকে দিয়ে জলবিদ্যুৎ ও সেচের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।
মূলত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে ২৫ ও ২৬ মে পশ্চিমবঙ্গে যান। বাংলাদেশের অর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধনের পর সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি কেউই তিস্তা নিয়ে কথা বলেননি। যদিও বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়’ আর ‘এখনো কিছু বাকি রয়েছে’ মন্তব্য করেন শেখ হাসিনা।
মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবারই বলেছেন, তিস্তার উৎস সিকিমে অনেকগুলো জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। প্রতিটি প্রকল্পের জন্যই সাময়িকভাবে পানি ধরে রাখা হয়, এরপর ছাড়া হয়। এতগুলো প্রকল্পে সাময়িকভাবে পানি ধরে রাখার কারণেই পশ্চিমবঙ্গে তিস্তার প্রবাহ খুবই ক্ষীণ হয়ে গেছে। যেটুকু পানি আছে, তা দিয়ে পশ্চিমবঙ্গের কৃষকদের চাষের প্রয়োজন মেটানো যাচ্ছে না। এই যুক্তিতে মমতা বাংলাদেশকে পানি দেওয়ার আগে নিজের রাজ্যের কৃষকদের প্রয়োজনের বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন।