সিগন্যাল সেক্টরের এক সদস্য দোষ স্বীকার করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সিগন্যাল সেক্টরের ১৮৭ সদস্যের মধ্যে মাত্র একজন দোষ স্বীকার করেছেন। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৮-এর বিচারক গতকাল একে একে সব আসামির কাছে জানতে চান তাঁরা দোষী, না নির্দোষ। এ সময় ল্যান্স নায়েক ইমান আলী দোষ স্বীকার করেন।সিগন্যাল ইউনিটের বিদ্রোহী জওয়ানদের অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। আদালতের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল মো. সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী।এর আগের দিন আদালত ৫০ জন সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ পড়ে শোনান। গতকাল আদালতের কার্যক্রম শুরুর পর তিনি ১৩৭ আসামিকে অভিযোগ পড়ে শোনান। এরপর শুরু হয় ব্যক্তিগত কৈফিয়তের পালা। আদালত অভিযুক্ত জওয়ানদের উদ্দেশে বলেন, ‘দোষ স্বীকার করলে আদালতের অনুকম্পা পেতে পারেন।’ল্যান্স নায়েক ইমান আলী আদালতের কাছে জানতে চান, তাঁর অপরাধ কী। আদালত তাঁকে বলেন, বিদ্রোহের দিন আপনি ইউনিটে হাজির থেকে বিদ্রোহ দমাতে ভূমিকা পালন করেননি। ইমান আলী অভিযোগের সঙ্গে একমত পোষণ করেন। দোষ স্বীকার করার সঙ্গে সঙ্গে ইমান আলীর হাতের বাঁধন খুলে দেওয়া হয়। তাঁকে অভিযুক্ত অন্যদের কাছ থেকে আলাদাভাবে বসানো হয়। সূত্র জানায়, আগামী ৪ জানুয়ারি আদালতে সাক্ষ্য-প্রমাণ হাজির করা হবে।