সিগারেট না পেয়ে ভাঙচুর, ব্যবসায়ীদের সড়ক অবরোধ
সিগারেট না পেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি দোকানে হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল ছাত্র। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সোনাপুর-চরজব্বার সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্র বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি দোকানে (মান্নান স্টোর) সিগারেট চান। এ সময় দোকানে বসা মালিকের ছেলে সিগারেট নেই বললে, ওই ছাত্র তাঁকে গালমন্দ করে চলে যান। এ ঘটনার কিছুক্ষণ পর ওই ছাত্রের নেতৃত্বে সাত-আটজন ছাত্র মান্নান স্টোরে হামলা ও ভাঙচুর চালান।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ধর্মঘট শুরু করেন এবং সোনাপুর-চরজব্বার সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে পুলিশ দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। পুলিশ দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর কথা-কাটাকাটি হয় এবং এর জের ধরে দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহামঞ্চদ বাহাদুর প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তিনি দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জয়নাল আবদিন বলেন, ‘আমরা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা সরিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছে।’