সিগারেটের আগুনে ছেঁকা অতঃপর তালাক!
ভোলায় এক গৃহবধূর শরীরের বিভিন্ন স্থান তাঁর স্বামী সিগারেটের আগুনের ছেঁকা দিয়ে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্বামী তাঁকে তালাক দেন। গত মঙ্গলবার ভোলা সদরের গাজীপুর সড়কের এক বাসায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর (২৫) বাড়ি ভোলা পৌরসভার উকিলপাড়ায়। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মনিরুল ইসলাম খোকন। ভোলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূূ জানান, চলতি বছরের জুলাই মাসে তাঁর প্রথম বিয়ে হয় সদর উপজেলার রতনপুর গ্রামের শাহাবুদ্দিন মিলনের সঙ্গে। বনিবনা না হওয়ায় তাঁদের বিয়ে ভেঙে যায় এবং তালাক হয়ে যায়। তালাক ও বিয়ে ভাঙার সময় তিনি ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলমের কাছে কয়েকবার যান। এ সময় ওই কাউন্সিলরের ভাগনে মনিরুল ইসলাম খোকনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই গৃহবধূ দাবি করেন, প্রথম স্বামী তালাক দেওয়ার কয়েক দিন পর তিনি মনিরুলের সঙ্গে ঢাকায় পালিয়ে যান। সেখানে তাঁরা গোপনে বিয়ে করেন। প্রথম স্বামী তালাক দেওয়ার তিন মাস ১০ দিন (ইদ্দতকালীন সময়) অতিবাহিত না হলে পুনরায় বিবাহ আইনত অবৈধ। পরে তাঁরা বিষয়টি জানতে পেরে ওই সময় পার হওয়ার পর পুনরায় ৭ অক্টোবর ভোলায় কাজি অফিসে গিয়ে বিয়ে করেন। এরপর তাঁরা ভোলা শহরের গাজীপুর সড়কে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। ওই গৃহবধূ অভিযোগ করেন, তিনি এখন দেড় মাসের অন্তঃসত্ত্বা। মঙ্গলবার এই সন্তান নিয়ে মনিরুল প্রশ্ন তোলেন এবং কথা-কাটাকাটির একপর্যায়ে সিগারেটের আগুন দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেন। এ ঘটনার পর খোকন তাঁকে তালাক দেন। বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূ যন্ত্রণায় কাতরাচ্ছেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. ইকবাল হোসেন খান বলেন, ওই গৃহবধূর পেট, বুক, হাত ও পায়ের বিভিন্ন স্থান সিগারেটের আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। মনিরুল জানান, তাঁদের আগে কোনো বিয়ে হয়নি। তবে প্রেমের সম্পর্ক ছিল। ৭ অক্টোবর তিনি তাঁকে বিয়ে করেন। তিনি অভিযোগ করেন, বিয়ের পরও তাঁর স্ত্রীর আগের স্বামী ও তাঁর ছেলেবন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল বলে তিনি অভিযোগ পেয়েছিলেন। খোকন বলেন, ‘প্রথমে আমি এ অভিযোগ বিশ্বাস করিনি। কিন্তু যখন জানতে পারলাম সে দেড় মাসের অন্তঃসত্ত্বা, তখন বিশ্বাস হয়েছে। এ কারণে আমি তাকে ১১ অক্টোবর তালাক দিয়েছি।’ তিনি সাবেক স্ত্রীর শরীর সিগারেটের আগুন দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, ‘আমরা ওই গৃহবধূকে হাসপাতালে দেখতে গিয়েছি। কে বা কারা তাঁর শরীর ঝলসে দিয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’